২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, আবেদন শুরু ১২ ডিসেম্বর

আবেদন করা যাবে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 05:53 PM

Updated : 25 Nov 2026, 05:53 PM

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ১২ ডিসেম্বর থেকে। আবেদন করা যাবে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া শেষে অনলাইন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি দুটি কেন্দ্রে (রুয়েট ও বুয়েট) অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের সুবিধার্থে রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রুয়েটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাচার্য প্রফেসর এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি প্রফেসর মো. কামরুজ্জামান।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত ওয়েবসাইটে (www.admission.ruet.ac.bd) আবেদনের পাশাপাশি প্রবেশপত্র সংগ্রহ, সিটপ্ল্যান, রেজাল্ট পাবলিকেশনের তারিখসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের জন্য উচ্চতর গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজিতে সর্বমোট ৮০টি প্রশ্নে ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ‘খ’ গ্রুপে ভর্তিচ্ছু প্রার্থীদের অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অংকন (Freehand Drawing) এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি (Visual Spatial Intelligence) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।