১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চবির ভর্তি পরীক্ষা: ফেল করা শিক্ষার্থীদের সুযোগ দিতে আবেদনের সময় বাড়ল

আবেদনের সময়ে পরিবর্তন আনা হলেও পরীক্ষার সূচিতে কোনো পরিবর্তন করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 08:58 PM

Updated : 11 Nov 2026, 08:58 PM

এইচএসসিতে এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাতে আবেদন করতে পারেন, সেজন্য ভর্তি পরীক্ষার জন্য আবেদনের সময় এক মাস বাড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আবেদনের শেষ সময় ছিল ১০ ডিসেম্বর; সেই সময় আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে বলে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন জানিয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেইসবুক পেইজেও এ সংক্রান্ত তথ্য বিবরণীতে বলা হয়, যারা এইচএসসি বা সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার পর রেফার্ড/সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে কৃতকার্য হবেন এবং চবির কোনো ইউনিটে ভর্তির ন্যূনতম জিপিএ ও অন্যান্য যোগ্যতা অর্জন করবেন, তারাই শুধু আবেদন করতে পারবেন।

এর আগে চাইলে তারা অ্যাডমিশন পোর্টালে ইউজার রেজিস্ট্রেশন করতে পারবেন। এইচএসসিতে প্রথমবারেই সব বিষয়ে কৃতকার্য ও ন্যূনতম জিপিএ অর্জনকারী শিক্ষার্থীরা আবেদন শুরুর প্রথম দিন থেকেই আবেদন করতে পারবেন। ফি পরিশোধ করা যাবে ১২ জানুয়ারি পর্যন্ত।

উপ-উপাচার্য অধ্যাপক আল-আমীন বলেন, “সর্বোচ্চ দুটি বিষয় পর্যন্ত যাদের সম্পূরক বা সাপ্লিমেন্টারি পরীক্ষা রয়েছে, তারাও এই ভর্তি প্রক্রিয়ায় আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। ১ (আগামী জানুয়ারি) তারিখে তাদের (এইচএসসি সম্পূরক পরীক্ষার) ফলাফল প্রকাশিত হবে, ফলে সহজেই তারা ১০ তারিখের মধ্যে আবেদন কার্যক্রম করতে পারবেন।”

আবেদনের সময়ে পরিবর্তন আনা হলেও পরীক্ষার সূচিতে কোনো পরিবর্তন করা হয়নি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।