ভর্তি পরীক্ষা: ঢাবি-বুয়েটে আগের সময়ে, রাবি পেছাল, সুযোগ রাখল জবি-চবি
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পেছানোর কথা বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা বিবেচনা করে ইউজিসি ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিলেও আগের ঘোষিত সময়েই আবেদন ও পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
তবে ইউজিসির নির্দেশনা অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন ও ভর্তি পরীক্ষার সূচি পিছিয়েছে। আর পুনঃপরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের সুযোগ দিতে আবেদনের সময় পিছিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
অপরদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শর্ত সাপেক্ষে এইচএসসিতে পুনঃপরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের আবেদনের সুযোগ রেখেছে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে ৯ নভেম্বর পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ইউজিসির এক মতবিনিময় সভা করে।
পরে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এক লিখিত বক্তব্যে বলেন, “সভায় আলোচনার ভিত্তিতে আগামী জানুয়ারি ২০২৭ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের কার্যক্রম শুরু করার বিষয়ে সর্বসম্মত ও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর আগামী ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।”
ইউজিসি চেয়ারম্যান বলেন, “আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এরপর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেছেন, সেশনজটের আশঙ্কায় যথাসময়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
“আমরা কোভিডের কারণে প্রায় এক থেকে দেড় বছর পিছিয়ে পড়েছি। সেটা ওভার করতে আমাদের চার বছর লেগেছে। এখন আমরা যদি আবার ভর্তি পরীক্ষা নিতে প্রায় তিন মাস পিছিয়ে দেই, তাহলে আবার সেশনজট সৃষ্টি হবে। ফলে ভর্তি পরীক্ষা পেছালে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার আগের পরিস্থিতিতে পড়বে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন ১১ নভেম্বর শুরু হয়ে আগামী ২৫ নভেম্বর শেষ হবে। আর ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ২৬ ডিসেম্বর। পূর্বঘোষিত এ সূচি অনুযায়ীই আবেদন ও ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি।
এর জন্য আগামী ২১ নভেম্বর থেকে আবেদন শুরু হওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরীক্ষা কমিটির এক সদস্য। তবে আবেদনের শেষ সময় এখনো নির্ধারিত হয়নি।
ফলে এইচএসসিতে পুনঃপরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন কিনা, সেটি এখনো নিশ্চিত নয়।
বিশ্ববিদ্যালয়টির ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক কামরুল হাসান বলেন, “আগামী ১৮ তারিখ (নভেম্বর) অ্যাকাডেমিক কাউন্সিল আছে। সেখানে ভর্তি আবেদনের বিষয়টি নির্ধারিত হবে। শুধু ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এটা নির্ধারিত। বাকি সব অ্যাকাডেমিক কাউন্সিলে।
বুয়েটের ভর্তি কমিটির প্রধান অধ্যাপক কামরুল হাসান বলেন, জিপিএ-৫ না থাকলে প্রতিষ্ঠানটিতে ভর্তি পরীক্ষার অংশ নিতে আবেদন করা যাবে না।
“আমরা পরীক্ষা নেব মাত্র ১০ হাজার শিক্ষার্থীর। সেখানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা তার দ্বিগুণ। ১০ হাজারের বেশি আবেদন পড়লে সেখান থেকে অনেকে বাদ পড়বে। তাই আমাদের ভর্তি আবেদন যোগ্যতা শিথিল করার কোনো প্রয়োজন নেই।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি থেকে নেওয়ার ঘোষণা দিয়েছিল। আবেদনের সময় নির্ধারণ করা হয়েছিল ১২ থেকে ২৭ নভেম্বর।
তবে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় আবেদন ও পরীক্ষা নেওয়ার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে। শেষ হবে ২০ ফেব্রুয়ারি। আর আবেদন চলবে আগামী ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।
এইচএসসিতে পুনরায় পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের ব্যাপারে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, যেসব শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন, তাদের ফল প্রকাশের পর আবেদনের ভিত্তিতে ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য নতুন করে সাত দিন সময় দেওয়া হবে।
ফলে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আবেদনের সুযোগ পাচ্ছেন এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন ও পরীক্ষার সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে এইচএসসিতে পুনরায় পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের জন্য শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন চলবে আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ জানুয়ারি থেকে।
বুধবার বিশ্ববিদ্যালয়টির ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী এইচএসসিতে সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য হয়ে সম্পূরক পরীক্ষায় অংশ নেবে, তারা সংশ্লিষ্ট ইউনিটে ভর্তির জন্য এসএসসি পরীক্ষার যোগ্যতার শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবে।
তবে এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত যোগ্যতা পূরণে ব্যর্থ হলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
এইচএসসিতে এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাতে আবেদন করতে পারেন, সেজন্য ভর্তি পরীক্ষার জন্য আবেদনের সময় এক মাস বাড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আবেদনের শেষ সময় ছিল ১০ ডিসেম্বর; সেই সময় আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে বলে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন জানিয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেইসবুক পেইজেও এ সংক্রান্ত তথ্য বিবরণীতে বলা হয়, যারা এইচএসসি বা সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার পর রেফার্ড/সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে কৃতকার্য হবেন এবং চবির কোনো ইউনিটে ভর্তির ন্যূনতম জিপিএ ও অন্যান্য যোগ্যতা অর্জন করবেন, তারাই শুধু আবেদন করতে পারবেন।
এর আগে চাইলে তারা অ্যাডমিশন পোর্টালে ইউজার রেজিস্ট্রেশন করতে পারবেন। এইচএসসিতে প্রথমবারেই সব বিষয়ে কৃতকার্য ও ন্যূনতম জিপিএ অর্জনকারী শিক্ষার্থীরা আবেদন শুরুর প্রথম দিন থেকেই আবেদন করতে পারবেন। ফি পরিশোধ করা যাবে ১২ জানুয়ারি পর্যন্ত।
উপ-উপাচার্য অধ্যাপক আল-আমীন বলেন, “সর্বোচ্চ দুটি বিষয় পর্যন্ত যাদের সম্পূরক বা সাপ্লিমেন্টারি পরীক্ষা রয়েছে, তারাও এই ভর্তি প্রক্রিয়ায় আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। ১ (আগামী জানুয়ারি) তারিখে তাদের (এইচএসসি সম্পূরক পরীক্ষার) ফলাফল প্রকাশিত হবে, ফলে সহজেই তারা ১০ তারিখের মধ্যে আবেদন কার্যক্রম করতে পারবেন।”
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয়টিতে।
