১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে ভাঙচুর-অগ্নিসংযোগ

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, কে বা কারা আগুন দিয়েছে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 08:56 PM

Updated : 19 Nov 2026, 08:55 PM

সাবেক সেনা কর্মকর্তা কারাবন্দি মেজর জেনারেল জিয়াউল আহসানের বরিশাল নগরীর বাসভবনে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকালে নগরীর বৈদ্যপাড়া আলহাজ নাসির উদ্দিন সড়কে তহুরা মঞ্জিলে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. রবিউল আল আমিন জানিয়েছেন।

তিনি বলেন, বিকাল ৫টা ৫৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। সেখানে গিয়ে তিনতলা বাসার নিচে একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেছেন তারা। তখন কোনো আগুন পাননি।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি।

বাসভবনের নিরাপত্তা প্রহরী বলেন, তিনি নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। তখন শুনতে পান ৪০-৫০ জন যুবক এসে বাসার নিচতলায় আগুন দিয়েছে। ফায়ার সার্ভিস আসার পর তিনি এসে দেখেন আগুন নিভে গিয়েছে।

স্থানীয়রা বলেন, সন্ধ্যার দিকে ছাত্রদলের ৪০-৫০ জন যুবক ভবনের জানালার গ্লাস সম্পূর্ণ ভাঙচুর করে। একপর্যায়ে নিচতলায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। যুবকরা চলে যাওয়ার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মেজর জেনারেল জিয়াউল আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক। ২০২৪ সালের ৫ অগাস্টের পর তাকে গ্রেপ্তার করা হয়।

আগুন দেওয়া বাসভবনটিতে জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন। ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে ওই ভবনে থাকেন না বিপ্লব।

কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।