১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

খাগড়াছড়িতে বিএনপির কার্যালয়, চাঁদের গাড়িতে অগ্নিসংযোগ

এছাড়া মধ্য রাতে দীঘিনালা সড়কের সাত মাইল ও মাটিরাঙা সড়কের রিছাং ঝরনা এলাকায় গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 02:03 PM

Updated : 10 Nov 2026, 02:03 PM

খাগড়াছড়ির গুইমারায় ওয়ার্ড বিএনপির কার্যালয় এবং পানখাইয়া সড়কে দাঁড়িয়ে থাকা চাঁদের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

এ ঘটনায় সন্দেহভাজন আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন গুইমারা থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী।

তিনি বলেন, সোমবার রাতে কে বা কারা হাফ ছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬ নং ওর্য়াড বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এতে যাবতীয় আসবাবপত্রসহ কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে মঙ্গলবার ভোরের দিকে খাগড়াছড়িতে দাঁড়িয়ে একটা চাঁদের গাড়িতে (জীপ) আগুন দেয় কে বা কারা।

পানখাইয়া সড়কের কেএসটিসি হাসপাতালের সামনে এই ঘটনায় গাড়িটি পুড়ে গিয়ে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

জীপ গাড়িটির মালিক মোহাম্মদ শাহীন জানান, রাতের আঁধারে ১০ থেকে ১২ জন লোক এসে তার গাড়িতে আগুন দেয়।

পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন গাড়িটি পুড়ে যাওয়ায় দিশেহারা এই গাড়ির মালিক বলেন, তার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এছাড়া সোমবার মধ্য রাতে জেলার দীঘিনালা সড়কের সাত মাইল ও মাটিরাঙা সড়কের রিছাং ঝরনা এলাকায় গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক করে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুকুল কুমার নাথ।

এদিকে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার আগুন দেওয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন।

তিনি বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। আমরা দেখছি খাগড়াছড়ি সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল আলম কারাগারে থাকলেও তার সহযোগীরা মামলার পরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

“তারাই শহরের মধ্যে অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আমরা এসব চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।”