শাপলা চত্বরের ‘গণহত্যা’: ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের হাজিরা এরপর থেকে ভার্চুয়ালি
মামলার অন্য কোনো আসামিরাও যদি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন, হাতকড়া পরতে অস্বীকৃতি জানান কিংবা ট্রাইব্যুনালের রীতিনীতি মানতে না চান, তবে তাদের ক্ষেত্রেও এই আদেশ প্রযোজ্য হবে।
মতিঝিলের শাপলা চত্বরে ১৩ বছর আগে ‘হত্যাকাণ্ডের ঘটনায়’ মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আপাতত স্বশরীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হবে না।
এর পরিবর্তে অডিও ভিজ্যুয়াল কনফারেন্সের মাধ্যমে তাকে আদালতে হাজির করার অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যাকাণ্ডের’ মামলায় শুনানি ঘিরে এ দিন কড়া নিরাপত্তায় জিয়াউল আহসানসহ ১১ আসামিকে আদালতে হাজির করা হয়।
অন্য আসামিদের মধ্যে ছিলেন- জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক এমডি মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা।
পরে শুনানিতে মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আসামিপক্ষের শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর নতুন দিন ঠিক করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ঠিক করে। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
শুনানি উপলক্ষে এ দিন আসামিদের হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে এজলাসে তোলা হয়। প্রিজনভ্যান থেকে নামানোর পর দীপু মনি, ফারজানা রূপা ও শাহরিয়ার কবির ছাড়া বাকিদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল।
আসামিদের এজলাসে নেওয়ার সময় দুই পাশে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও সামনে পুলিশ সদস্যরা ঘিরে রাখেন। এ সময় আবদুল লতিফ সিদ্দিকী বলেন, “আমাদের জোর করে নেওয়া হচ্ছে। নির্যাতন করা হচ্ছে।”
অন্যদিকে হাতকড়া পরিহিত শামসুল হক টুকু, আবদুল জলিল মণ্ডল ও জিয়াউল আহসান মাথা নিচু করে নীরবে এজলাসে ঢোকেন।
তবে শুনানি শেষে এজলাস থেকে বের হওয়ার সময় সবাইকে স্বাভাবিকভাবে বের হতে দেখা গেলেও জিয়াউল আহসানকে পিছমোড়া করে হাতকড়া পরানো অবস্থায় দেখা গেছে।
জিয়াউল আহসানের বিচার ভার্চুয়ালি
কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এ দিন সকালে ১০ আসামিকে হাজির করা হলেও টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালকে জিয়াউল আহসানকে আনা হয় ১২টার দিকে।
শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম। তার অভিযোগ, “আসামি জিয়াউল আহসানের অসহযোগিতা ও বিভিন্ন আচরণের কারণে বিচারকাজ ব্যাহত হচ্ছে।
“আগের তারিখে জিয়াউল আহসান কোনোভাবেই আদালতে আসতে চাচ্ছিলেন না। অনেক চেষ্টার পর তাকে কারাগার থেকে আনা হয়। সে সময় তিনি হ্যান্ডকাফ পরতে চাননি। পরে সানগ্লাস, ইস্ত্রি করা পোশাক ও দামি জুতা পরে আদালতে আসেন। আমাদের আদালত সকাল সাড়ে ১০টায় বসার কথা থাকলেও এই আসামির অসহযোগিতার কারণে শেষ পর্যন্ত দুপুর ২টায় কার্যক্রম শুরু হয়।”
জিয়াউল আহসান সকালে ট্রাইব্যুনালে আসতে চাইছিলেন না এবং কখনো অসুস্থতার কথা বলছিলেন, কখনো দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন বলেও অভিযোগ করেন আমিনুল ইসলাম।
তিনি বলেন, “জিয়াউল আহসানের দাবি ছিল তাকে আলাদা প্রিজন ভ্যানে না এনে অন্য আসামিদের সঙ্গে একত্রে আনা হোক। তাই সোমবার নিরাপত্তার স্বার্থে অন্য আসামিদেরও হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়। আমার ধারণা, জেল কর্তৃপক্ষ বিবেচনা করেছে যে জিয়াউল আহসানকে ওই প্রিজন ভ্যানে আনা হলে তিনি অন্য আসামিদের ক্ষতি করতে পারেন অথবা কোনো দুর্ঘটনা ঘটানোর পরিকল্পনা থাকতে পারে।”
ট্রাইব্যুনালের কৌঁসুলি গাজী এম এইচ তামীম বলেন, “জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনাল-১ এ বিচারবহির্ভূত হত্যা ও গুমের আরেকটি মামলা চলছে। ওই মামলাতেও তাকে সশরীরে উপস্থিত না করে ভিডিও কনফারেন্সে যুক্ত রাখার নির্দেশ দিয়েছিল আদালত। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আজ ট্রাইব্যুনাল-২ একই নির্দেশ দিয়েছে। এখন থেকে শাপলা চত্বর মামলায় তাকে আর সশরীরে আনা হবে না, জেলখানা থেকেই ভার্চুয়ালি যুক্ত হবেন।”
“এই আদেশ শুধু জিয়াউল আহসানের জন্যই নয়; মামলার অন্য কোনো আসামিও যদি দীর্ঘদিন অসুস্থ থাকেন, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন, হাতকড়া পরতে অস্বীকৃতি জানান কিংবা ট্রাইব্যুনালের রীতিনীতি মানতে না চান, তবে তাদের ক্ষেত্রেও এই আদেশ প্রযোজ্য হবে।”
মোজাম্মেল বাবুর বিদেশি আইনজীবীতে আপত্তি
মামলার আসামি সাংবাদিক মোজাম্মেল হক বাবুর পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনের বিরোধিতা করার কথাও বলেন প্রধান কৌঁসুলি। আমিনুল ইসলাম বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের অনুমতি প্রয়োজন। বার কাউন্সিলের অনুমোদন ছাড়া ট্রাইব্যুনালের সরাসরি কোনো বিদেশি আইনজীবী নিয়োগের আইনগত সুযোগ নেই।
তবে বিদেশি আইনজীবী বা জাতিসংঘ মিশনের কেউ ট্রাইব্যুনালের কার্যক্রম পর্যবেক্ষণ করতে কিংবা আসামিপক্ষের আইনজীবীদের সহযোগিতা করতে পারেন।”
এদিকে ট্রাইব্যুনালের কার্যক্রমের খণ্ডিত ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কিছু ইউটিউবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রধান কৌঁসুলি। তিনি বলেন, “কিছু ইউটিউব সাংবাদিক খণ্ডিত চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। তাদের চিহ্নিত করা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের আচরণ অব্যাহত থাকলে ট্রাইব্যুনালে তাদের প্রবেশের সুযোগ সীমিত করা হতে পারে।”
এছাড়া জিয়াউল আহসানের বোন নাজনীন আক্তার গত শুনানির দিন দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের হুমকি দিয়েছিলেন এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা রাষ্ট্রপক্ষ ভাবছে বলে জানান আমিনুল ইসলাম।
