২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেনাপ্রধানের নিয়ন্ত্রণে’ ছিলেন না জিয়াউল আহসান, গুমের মামলার যুক্তিতর্কে প্রধান কৌঁসুলি

প্রথম দিনের যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়।

‘সেনাপ্রধানের নিয়ন্ত্রণে’ ছিলেন না জিয়াউল আহসান, গুমের মামলার যুক্তিতর্কে প্রধান কৌঁসুলি

জিয়াউল আহসান। ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 08:19 PM

Updated : 24 Nov 2026, 08:23 PM

আওয়ামী লীগ শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

এর মাধ্যমে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তিতর্ক উপস্থাপন শুরু হওয়ার কথা বলেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আদালতে যুক্তিতর্ক শুরু হয়। রাষ্ট্রপক্ষের তরফে প্রথম দিনে শুনানি করেন ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম।

প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালের আদেশে মামলার একমাত্র আসামি জিয়াউল আহসানকে এদিন সশরীরে হাজির না করে কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত করা হয়। আসামিপক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।

মামলার প্রথম দিনের যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়।

বুধবারও রাষ্ট্রপক্ষের অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। তা শেষ হলে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল যুক্তিতর্ক উপস্থাপন করবেন বলে জানিয়েছেন প্রধান কৌঁসুলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা বুধবার অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপন করব। যদি আমাদের শেষ হয়ে যায় তবে অ্যাটর্নি জেনারেল যুক্তিতর্ক উপস্থাপন করবেন। আমাদের শেষ না হলে পরবর্তী ধার্য তারিখে তিনি যুক্তিতর্ক উপস্থাপন করবেন।”

শুনানির শুরুতে প্রধান কৌঁসুলি মামলার সার্বিক প্রেক্ষাপট ও ঘটনাবলি তুলে ধরেন।

এরপর জিয়াউল আহসানের সাবেক দেহরক্ষী ও মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ইমরুল কায়েসের সাক্ষ্য পড়ে শোনান তিনি।

পরে মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া, সপ্তম সাক্ষী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মনিরুল হক, মেজর সাজ্জাদুল ইসলাম এবং ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দির অংশবিশেষ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।

এ মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ১৫তম সাক্ষী হিসেবে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত সাক্ষ্য দেন। পরে ২২ নভেম্বর জিয়াউল আহসান আত্মপক্ষ সমর্থনে একজন সাফাই সাক্ষী উপস্থাপন করেন।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার তিনটি অভিযোগ এনে গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে চিফ প্রসিকিউটরের কার্যালয়। শুনানি শেষে ওই দিনই অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। পরে ১৪ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

জিয়াউল আহসান টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদলের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৬ অগাস্ট তাকে চাকরিচ্যুত করা হয়। পরে ১৬ অগাস্ট তাকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের এ মামলায় সাক্ষীদের বর্ণনায় ১৫০ থেকে ২০০ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে প্রায় ১১৫ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

“গুমের ঘটনার উপরে কোনো আর্গুমেন্ট এইটাই আমাদের ট্রাইব্যুনালে বা বাংলাদেশে প্রথম। সেকেন্ডলি হচ্ছে যে এত হত্যাকাণ্ড, একজন ব্যক্তি দ্বারা এত হত্যাকাণ্ডের ঘটনা এর আগে কখনো ঘটেনি।”

মামলায় তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ জিয়াউল আহসানের সহযোগী কয়েকজন সামরিক কর্মকর্তাকেও সাক্ষী করার বিষয়ে তিনি বলেন, গুম ও হত্যার ঘটনাগুলো যারা প্রত্যক্ষ করেছেন, তাদের অনেকেই অভিযুক্তের সহযোগী ছিলেন। এ কারণে ফৌজদারি বিচারব্যবস্থার বিধান অনুযায়ী তাদের সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়েছে।

সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে ছিলেন জিয়াউল: প্রধান কৌঁসুলি

সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এবং মেজর সাব্বির ও মেজর মনিরুল হকের সাক্ষ্যের বরাতে ‍যুক্তিতর্ক উপস্থাপনকালে আমিনুল ইসলাম বলেন, “জিয়াউল আহসানের সহযোগী কমান্ডার সোহেল এবং তার সঙ্গে থাকা কয়েকজন সাংবাদিককে বোটে করে চর দুয়ানীসহ বিভিন্ন অপারেশন এলাকায় নিয়ে যাওয়া হতো। ওই সাংবাদিকরা তাদের ভাষ্য অনুযায়ী সংবাদ প্রচার করতেন এবং প্রকৃত ঘটনা গোপন করতেন।”

তিনি বলেন, সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে, জিয়াউল আহসান তৎকালীন সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে ছিলেন। শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকের আশ্রয়-প্রশ্রয়ে তিনি এসব কর্মকাণ্ড চালিয়েছেন বলেও সাক্ষ্যে উঠে এসেছে।

আসামি জিয়াউল আহসানকে ‘ডিপ টেস্টের অন্যতম সদস্য’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, “তিনি ‘মাতৃবাহিনীতে’ না গিয়ে স্বৈরাচারী কায়দায় র‍্যাবে দিনের পর দিন কাটিয়েছেন। ভিন্ন রাজনৈতিক দল দমন পীড়নের জন্যে শেখ হাসিনার আজ্ঞা মানে তার চাহিদামতে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন।”

কয়েকজন কারণে সেনাবাহিনীর প্রতি আস্থা কমেছে: অ্যাটর্নি জেনারেল

মঙ্গলবার যুক্তিতর্ক শুনতে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জিয়াউল আহসান সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন এবং তার বিরুদ্ধে সাবেক সেনাপ্রধান ও অন্য সেনা কর্মকর্তারা সাক্ষ্য দিয়েছেন। কয়েকজন ব্যক্তির কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা ও সম্মান ক্ষতিগ্রস্ত হয়েছে।

“আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ধরনের অপরাধের বিচার এবং সেই বিচারের এমন দৃশ্যমান বিচার যেন ভবিষ্যতে কেউ কোনোরকম তার পদ-পদবি ব্যবহার না করে কিংবা ব্যবহার করে কোনোরকম এ ধরনের ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত হতে না পারেন।”

অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউল আহসানের অবৈধ সম্পদ গড়ে তোলার বিষয়েও তথ্য রয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ রয়েছে এবং সেটির বিচার স্বতন্ত্রভাবে হচ্ছে।

মামলার সাক্ষ্য, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং প্রসিকিউশনের উপস্থাপিত যুক্তিতর্ক শুনে প্রস্তুতির জন্য নোট নেওয়ার কথা বলেন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা।

অভ্যন্তরীণ সাক্ষীর মাধ্যমে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের তথ্য: তাজুল

অভ্যন্তরীণ সাক্ষী বা ইনসাইডারদের ভূমিকা নিয়ে ট্রাইব্যুনালের সাবেক প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম বলেন, ভিকটিমদের ধরে নেওয়ার পর নিখোঁজ করে ফেলায় স্বাভাবিকভাবে এসব হত্যাকাণ্ডের তথ্য বের করা অসম্ভব ছিল। এসব ‘ইনসাইডার উইটনেস’ ছাড়া কিন্তু এই তথ্যগুলো কোনোদিন পাওয়া যেত না।

তদন্তের জটিল প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা নিবিড়ভাবে কাজ করেছে এবং সেনাবাহিনীর অনুমতি নিয়ে তৎকালীন র‍্যাব কর্মকর্তাদের ডেকে এনে টানা কয়েকদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বরগুনার চর দুয়ানীতে ‘কয়েকশ মানুষকে হত্যার’ ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, একজন অবসরপ্রাপ্ত র‍্যাব কর্মকর্তা প্রথমে এসে ওই অপারেশনের তথ্য দেন এবং একটি নামের কথা বারবার বলেন। এর সূত্র ধরেই পুরো হত্যাকাণ্ডের চিত্র উন্মোচিত হয়।

‘অনুমতি সাপেক্ষে’ জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার হবে: কৌঁসুলি তামীম