‘অনুমতি সাপেক্ষে’ জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার হবে: কৌঁসুলি তামীম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মঙ্গলবার এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হওয়ার কথা রয়েছে।
আওয়ামী লীগ শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক ট্রাইব্যুনালের ‘অনুমতি সাপেক্ষে’ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন কৌঁসুলি গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হওয়ার কথা রয়েছে।
সোমবার ট্রাইব্যুনালের কৌঁসুলি গাজী মোনাওয়ার হুসাইন তামীম এক লিখিত বার্তায় বলেন, “আগামীকাল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিটিভি ও প্রসিকিউশনের ফেইসবুক পেইজ থেকে সরাসরি সম্পচার করা হবে।”
রোববার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। সে দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি।
এ মামলায় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।
গত ১৯ নভেম্বর মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। তিনি কারাগারে রয়েছেন এবং সেখান থেকে ভার্চুয়ালি বিচারকাজে অংশ নিচ্ছেন।
আওয়ামী লীগের শাসনামলে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার তিনটি অভিযোগ এনে গত ১৭ ডিসেম্বর সাবেক এ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রধান কৌঁসুলির কার্যালয়।
শুনানির পর ওইদনিই তা আমলে নেন ট্রাইব্যুনাল। পরে ১৪ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
জিয়াউল আহসান টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদলের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৬ অগাস্ট তাকে চাকরিচ্যুত করা হয়। ওই বছরের ১৬ অগাস্ট তাকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ।
