জানা গেল মাইক্রোসফটের বৈশ্বিক বিভ্রাটের মূল কারণ
বৃহস্পতিবার ‘মাইক্রোসফট আউটলুক’সহ কোম্পানিটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেবা অফলাইনে চলে যায় ও প্রায় পুরো একদিন পর সেগুলো পুনরায় সচল হয়।
মাইক্রোসফটের সাম্প্রতিক বিশ্বজুড়ে সেবা বিভ্রাটের বীজ কয়েক মাস আগেই রোপিত হয়েছিল বলে উঠে এসেছে কোম্পানিটির আনুষ্ঠানিক ব্যাখ্যায়।
বৃহস্পতিবার ‘মাইক্রোসফট আউটলুক’সহ কোম্পানিটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেবা অফলাইনে চলে যায় ও প্রায় পুরো একদিন পর সেগুলো পুনরায় সচল হয়।
এ বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। হাসপাতাল ও পুলিশ বাহিনী থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত সবকিছু এতে ক্ষতিগ্রস্ত হয় এবং বিশ্বজেুড়ে দাপ্তরিক কাজকর্ম এক প্রকার স্থবির হয়ে পড়েছিল।
কীভাবে এই বিপর্যয় ঘটল সে বিষয়ে প্রকাশ পাওয়া প্রথম প্রতিবেদনে কোম্পানিটি সমস্যার ‘মূল কারণ’ উন্মোচন করেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
মাইক্রোসফট বলেছে, ‘তিনটি বিষয়’ একসঙ্গে মিলে তাদের নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশকে অচল করে দিয়েছিল। আর এই সমস্যার সূত্রপাত হয়েছিল গেল জুলাইয়ে।
কয়েক মাস আগে ‘মাইক্রোসফট ৩৬৫’ পরিচালনাকারী সার্ভারগুলোর জন্য একটি আপডেট এনেছিল মাইক্রোসফট।
জুলাই মাসে এর কার্যক্রম শুরু হয় ও ‘কয়েক সপ্তাহ’ ধরে নিরাপদেই তা চলতে থাকে। তবে ওই সময় কোনো সমস্যা দেখা যায়নি বলে জানিয়েছে মার্কিন সফটওয়্যার জায়ান্টটি।
তিন মাসেরও বেশি সময় ধরে ধারণা করা হচ্ছিল পরিবর্তনটি ঠিকঠাকভাবেই কাজ করছে। কোনো ত্রুটি ধরা পড়েনি ও পরীক্ষামূলক যাচাইয়েও কোনো সমস্যা নেই বলেই মনে হয়েছিল।
তবে মাইক্রোসফট বলেছে, ওই আপডেটে আসলে একটি কারিগরি ত্রুটি রয়ে গিয়েছিল, যার ফলে সার্ভারগুলোতে অতিরিক্ত চাপ তৈরি হলে সেগুলো ভারসাম্য হারিয়ে অকার্যকর হয়ে পড়ার ঝুঁকিতে পড়ে।
কোম্পানিটি শুরুতে তা ধরতে পারেনি। কারণ পরীক্ষার সময় বিপুল পরিমাণ ট্রাফিকের চাপে কী ঘটতে পারে তা খতিয়ে দেখা হয়নি।
এ ছাড়া, ত্রুটিটি নতুন ও অধিক শক্তিশালী হার্ডওয়্যারে বিশেষভাবে সমস্যা তৈরি করছিল, যেগুলো পরীক্ষার সময় ব্যবহার করা হয়নি।
পরবর্তীতে, মাইক্রোসফটের নেটওয়ার্কে ঠিক সেই ধরনের অতিরিক্ত চাপ তৈরি হয়, যা ওই সুপ্ত সমস্যাগুলোকে উসকে দেয়।
বিভ্রাট শুরুর প্রায় ১৫ ঘণ্টা আগে, ‘মাইক্রোসফট টিমস’ তার স্বাভাবিক নেটওয়ার্ক থেকে সরে এসে এমন এক নেটওয়ার্কে যোগ হয়, যা আউটলুকের মাধ্যমে ইমেইল আদান-প্রদানে ব্যবহৃত ‘এক্সচেঞ্জ অনলাইন’কেও পরিচালনা করে।
এমনিতে পরিবর্তনটি স্বাভাবিক অবস্থায় কোনো সমস্যা তৈরি করত না।
ঠিক সেই সময়ে, আলাদা এক সমস্যার কারণে মাইক্রোসফটের মোট সার্ভার সক্ষমতার প্রায় ১৪ শতাংশ অকার্যকর ছিল, যা নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় সচল করার পরিকল্পনা করেছিল কোম্পানিটি।
আলাদাভাবে দেখলে এসব সমস্যার প্রতিটিই সামাল দেওয়া সম্ভব ছিল।
তবে দুটি মূল সংকট, একদিকে বাড়তি চাপ ও অন্যদিকে তা সামলানোর জন্য সার্ভারের সক্ষমতা কমে যাওয়া একসঙ্গে দেখা দেওয়ায় মাইক্রোসফটের সিস্টেমগুলো জুলাই থেকে ওত পেতে থাকা সেই পুরনো ত্রুটির কবলে পড়ে।
এর ফলে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ইন্টারনেট ব্যবহারের ব্যস্ততম সময়ে সার্ভারগুলোতে অনুরোধের স্তূপ জমতে থাকে ও সেগুলো সাড়া দেওয়া বন্ধ করে দেয়।
এ ধরনের পরিস্থিতিতে মাইক্রোসফটের সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সচল থাকা অন্য সার্ভারগুলোতে চাপ স্থানান্তর করলেও এর ফলে ওই বিকল্প সার্ভারগুলোও একই সমস্যার মুখে পড়ার ঝুঁকিতে পড়ে যায়।
এতে করে একের পর এক বিপর্যয় সমস্যার তৈরি হয়। কারণ অপেক্ষাকৃত কম সংখ্যক সার্ভারের ওপর বিপুল পরিমাণ ট্রাফিক বা চাপ গিয়ে পড়ায় সেগুলোও অফলাইনে চলে যেতে থাকে।
দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে এই ত্রুটি মাইক্রোসফটের পুরো নেটওয়ার্কের সার্ভারগুলোকে অচল করে দেয়।
মাইক্রোসফট বলেছে, পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে তাদের ৮০ শতাংশ সার্ভারই সাড়া দিচ্ছিল না। সিস্টেমটি অতিরিক্ত ট্রাফিকের চাপ সামলাতে ব্যর্থ হয়ে পুরোপুরি ভেঙে পড়ে।
এতে মাইক্রোসফটের একগুচ্ছ সেবা, বিশেষ করে আউটলুক ছাড়াও টিমস, ওয়ানড্রাইভ, শেয়ারপয়েন্ট ও অফিস অ্যাপস অচল হয়ে পড়ে।
এসব অ্যাপের মধ্যে কয়েকটি বিকল নেটওয়ার্ক থেকে সরে যেতে পারায় সেগুলো দ্রুত সচল করা সম্ভব হয়েছিল। তবে আউটলুকের ক্ষেত্রে তা করা সম্ভব হয়নি।
এদিকে, সমস্যা সমাধানে মাইক্রোসফটের নেওয়া পদক্ষেপগুলোও নতুন করে বাধার মুখে পড়ে।
সার্ভারগুলো পুনরায় অনলাইনে ফেরার সঙ্গে সঙ্গেই সেগুলোর ওপর বিপুল পরিমাণ ট্রাফিকের চাপ পড়ে, যা সার্ভারগুলোকে আবারও অকার্যকর করে তোলে।
এ ছাড়া, বিপর্যয়টি কয়েক মাস ধরে সিস্টেমে থাকা ত্রুটির কারণে ঘটার ফলে মাইক্রোসফট সহজে তা আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারেনি।
এতে করে সমাধান প্রক্রিয়ায় আরও দেরি ও সমস্যাটি দূর করতে কোম্পানিকে নতুন আপডেট তৈরি করতে হয়। এর মানে, দলবদ্ধভাবে সার্ভারগুলোকে সেবা থেকে সরিয়ে নিয়ে আপডেট করা এবং পুনরায় চালু করা।
মাইক্রোসফটের কোপাইলট, এজেন্টস এবং প্ল্যাটফর্ম বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস লামানা বলেছেন, “আমাদের সকল গ্রাহকের ওপর এর যে প্রভাব পড়েছে তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত এবং তাদের স্বাভাবিক ব্যবসা ও কার্যক্রমে এটা যে বিঘ্ন ঘটিয়েছে তা আমরা উপলব্ধি করছি।”
মাইক্রোসফট বলেছে, কী ঘটেছিল সে বিষয়ে আরও বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদন এ সপ্তাহের শেষদিকে প্রকাশ পাবে।
