ছোট দলের মধ্যে পোস্ট শেয়ারে মেটার ‘থ্রেডস ফ্রেন্ডস’
নতুন ব্যবস্থার প্রাথমিক ধাপ সহজ করতে মেটা ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক এক ‘ফ্রেন্ডস লিস্ট’ তৈরিতেও সহায়তা দিচ্ছে।
এবার নির্দিষ্ট ও ছোট বন্ধু তালিকার মধ্যে প্রাইভেসি ধরে রেখে পোস্ট শেয়ারের নতুন পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডস।
নতুন এ ফিচারের নাম ‘থ্রেডস ফ্রেন্ডস’। এটি এরইমধ্যে আয়ারল্যান্ড, ইতালি ও জাপানে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা করে দেখার কথা বলেছে প্ল্যাটফর্মটির মূল কোম্পানি মেটা।
ফিচারটি ইনস্টাগ্রামের জনপ্রিয় ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকার আদলেই তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সর্বোচ্চ ৫০ জন থ্রেডস বন্ধুর সঙ্গে নিজেদের পোস্ট আদান-প্রদান করতে পারবেন।
ওই নির্ধারিত তালিকার বাইরে প্ল্যাটফর্মটির অন্য কোনো ব্যবহারকারী বা অনুসারী এসব পোস্ট দেখতে পাবেন না বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
সামাজিক মাধ্যমের এ ভাবনা অনেকের কাছে পরিচিত মনে হতে পারে। কারণ ২০২২ সালে টুইটার (বর্তমান এক্স) ‘সার্কেলস’ নামে প্রায় একই ধরনের একটি সুবিধা এনেছিল।
টুইটারের ওই ফিচারে সর্বোচ্চ ১৫০ জন অনুসারীর কাছে নিজস্ব পোস্ট সীমাবদ্ধ রাখার সুবিধা ছিল। তবে চালুর কেবল এক বছরের মাথায় সুবিধাটি বন্ধ হয়ে যায়।
নতুন ব্যবস্থার প্রাথমিক ধাপ সহজ করতে মেটা ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক এক ‘ফ্রেন্ডস লিস্ট’ তৈরিতেও সহায়তা দিচ্ছে।
মেটার একজন মুখপাত্র বলেছেন, ব্যবহারকারীরা যাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বা ইন্টার্যাকশন করেন অ্যাপটি প্রাথমিকভাবে তাদের নাম সুপারিশ করবে।
তবে ব্যবহারকারী চাইলে নিজের পছন্দ অনুসারে এই তালিকা সম্পূর্ণ কাস্টমাইজ বা পরিবর্তন করতে পারবেন।
তালিকা চূড়ান্ত করার পর ব্যবহারকারীরা তাদের মূল ফিডের ওপরের অংশে একটি সবুজ রঙের বাবলে ট্যাপ করে ২৪ ঘণ্টায় তাদের পছন্দের বন্ধুদের শেয়ার করা সব পোস্ট একসঙ্গে দেখতে পাবেন।
ফিচারটির ছবি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি মেটা। তবে থ্রেডসের প্রোডাক্ট ডিজাইন ডিরেক্টর লরা হাভিয়ের কেবল বন্ধুদের উদ্দেশ্যে করা বিভিন্ন পোস্টের চেহারা কেমন হবে তার একটি ছোট্ট পূর্বাভাস বা ‘প্রিভিউ’ উন্মোচন করেছেন।
পাশাপাশি তিনি একটি বিশেষ ‘ইস্টার এগ’ ফিচারও দেখিয়েছেন, যার মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে ‘থ্রেডস ফ্রেন্ডস’ নামটিকে খুব সহজে বদলে কেবল ‘থ্রেন্ডস’ হিসেবে কাস্টমাইজ করে নিতে পারবেন।
আয়ারল্যান্ড, ইতালি ও জাপানের বাইরে অন্য দেশগুলোতে এ সেবা কবে নাগাদ আসবে সে বিষয়ে এখনও চুপ করে আছে মেটা।
আমেরিকা বা অন্যান্য অঞ্চলের অধিকাংশ ব্যবহারকারী এখনই সুবিধাটি ব্যবহার করতে পারছেন না।
তবে ওই তিনটি পরীক্ষাধীন দেশের কোনো ব্যবহারকারী যদি অন্য কোনো দেশের বন্ধুকে তাদের ‘ফ্রেন্ডস লিস্ট’-এ যুক্ত করেন তবে তিনি ঠিকই তাদের এই গ্রুপের জন্য করা পোস্টগুলো দেখতে পাবেন।
