ব্যক্তিগত ম্যাপসহ নতুন ডিসকভারি টুল আনল এয়ারবিএনবি
নতুন ফিচারের আওতায় ব্যবহারকারীরা তাদের ভ্রমণ তথ্য অন্যদের সঙ্গে শেয়ার করা বা না করার বিষয়ে নিজেদের মতো করে প্রাইভেসি সেটিং ঠিক করতে পারবেন।
ব্যবহারকারীদের ভ্রমণের অভিজ্ঞতা আরও ভালো ও সামাজিক করতে ব্যক্তিগত ম্যাপসহ একগুচ্ছ নতুন ডিসকভারি টুল ও এআইভিত্তিক ফিচার আনার ঘোষণা দিয়েছে জনপ্রিয় আবাসন প্ল্যাটফর্ম এয়ারবিএনবি।
এ আপডেটের ফলে প্ল্যাটফর্মটিতে সামাজিক সংযোগের নতুন দিক যোগ হচ্ছে, যার সাহায্যে ব্যবহারকারীরা জানতে পারবেন তাদের পরিচিত মানুষেরা অতীতে কোথায় ভ্রমণ করেছেন ও কোথায় থেকেছেন।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, নতুন ফিচারের আওতায় ব্যবহারকারীরা তাদের ভ্রমণ তথ্য অন্যদের সঙ্গে শেয়ার করা বা না করার বিষয়ে নিজেদের মতো করে প্রাইভেসি সেটিং ঠিক করতে পারবেন।
এতে ভ্রমণের বিশদ বিবরণ কতটুকু প্রকাশ পাবে তাও নির্ধারণ করা যাবে। ব্যবহারকারীরা তাদের পরিচিতদের অতীত ও আসন্ন ভ্রমণ দেখতে পারবেন।
নতুন ‘ট্রাভেল ম্যাপ’-এর মাধ্যমে পরিচিতজনদের বুক করা রেন্টাল হোম, সার্ভিস ও বিভিন্ন অভিজ্ঞতা সহজেই ব্রাউজ করা সম্ভব হবে।
এ আপডেটের ফলে ব্যবহারকারীরা সামাজিক নেটওয়ার্কে থাকা পরিচিতদের দেওয়া রিভিউ পড়তে এবং তাদের পছন্দের জায়গাগুলো নিজেদের উইশলিস্টে যোগ করতে পারবেন।
পাশাপাশি, এয়ারবিএনবি অ্যাপের ভেতরেই পরিচিতজনদের সঙ্গে মেসেজ আদান-প্রদান করার সুবিধা থাকছে।
এদিকে, নতুন ‘ইন্টারঅ্যাক্টিভ ম্যাপ’-এ যোগ হয়েছে ‘নেইবারহুড সামারি’ বা এলাকাভিত্তিক সারসংক্ষেপ। অতিথি ও হোস্টদের দেওয়া ডেটার ওপর ভিত্তি করে এটা কোনো এলাকার সার্বিক ধারণা তুলে ধরবে।
এয়ারবিএনবি বলেছে, এ সারসংক্ষেপে ‘অন্যান্য উৎস’ থেকে পাওয়া তথ্যও যোগ হবে। তবে সেসব বাহ্যিক তথ্য ঠিক কী ধরনের হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সার্চ, ফিল্টার, লিস্টিংয়ের বিবরণ, লিস্টিং তুলনা ও কাস্টমার সাপোর্টের মতো ক্ষেত্রেও নতুন এআই টুল যোগের করার ঘোষণা দিয়েছে এয়ারবিএনবি।
প্রাথমিকভাবে এসব সুবিধা যুক্তরাষ্ট্রের বাজারে চালু করার কথা বললেও নির্দিষ্ট কোনো সময়সীমা এখনও প্রকাশ করেনি প্লাটফর্মটি।
এয়ারবিএনবির অ্যাপে থাকা ‘সার্ভিসেস’ সেকশনটিতে গেল বসন্তে চালু হওয়া ফিচারের পরিধি আরও বাড়ানো হচ্ছে। খুব দ্রুতই ইউরোপের ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে খাবার ও গ্রোসারি ডেলিভারির অপশন দেখতে পাবেন।
এ ছাড়া, যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু শহরের ব্যবহারকারীরা তাদের সাময়িক আবাসে বসেই ‘রিন্স’-এর মাধ্যমে দ্রুত লন্ড্রি সেবা বা ‘বেবি কুইপ’-এর মাধ্যমে শিশুদের প্রয়োজনীয় সরঞ্জাম ভাড়ার অর্ডার করতে পারবেন।
পাশাপাশি, নির্দিষ্ট কিছু এলাকার স্থানীয় কার্যক্রম বুকিংয়ের সুবিধা বাড়াতে বিভিন্ন কোম্পানি সঙ্গে পার্টনারশিপ করছে এয়ারবিএনবি। যেমন, দক্ষিণ ফ্লোরিডার জন্য বোট রেন্টাল বা ফরাসি আল্পসের জন্য স্কি ও স্নোবোর্ড গিয়ার।
