সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন?
সিম কার্ডের কাজ সম্পর্কে অনেকের ধারণা থাকলেও সমস্যা সমাধান চেষ্টার সময় বিষয়টি ব্যবহারকারীকে দুশ্চিন্তায় ফেলে দিতে পারে।
ইলেকট্রনিক ডিভাইসগুলো এখন অনেক উন্নত। এর ফলে এগুলোর মধ্যে গোলমাল দেখা দিলে তা অনেক সময়ই ব্যবহারকারীকে জানান দেয়। কম্পিউটার, গেইম কনসোল ও ট্যাবলেটের মতো বিভিন্ন যন্ত্র প্রায়ই কোনো সমস্যার বিষয়ে সতর্ক করে সম্ভাব্য ত্রুটি খুঁজে বের করে তা সমাধানও করে।
ফোনেও এমন সতর্কবার্তা নোটিফিকেশন আকারে দেখা যেতে পারে, যেখানে লেখা থাকে, ‘নো সিম কার্ড ইনস্টলড’। বিষয়টি উদ্বেগের কারণ হতে পারে, কারণ অনেকেই সিম কার্ড আসলে কী কাজ করে তা হয়ত জানেন না বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
আবার, সিম কার্ডের কাজ সম্পর্কে কারো কারো ধারণা থাকলেও সমস্যা সমাধানের চেষ্টা করার সময় বিষয়টি ব্যবহারকারীকে দুশ্চিন্তায়ও ফেলে দিতে পারে।
সিম কার্ডের ত্রুটি সারানোর জন্য কিছুটা রোগ নির্ণয়ের কাজ করতে হয়। আর কপাল খুব খারাপ হলে বাস্তবেও যন্ত্রাংশ খোলার মতো শারীরিক পরিশ্রম করতে হতে পারে। তবে সম্ভাব্য সমাধানের জন্য ফোনের সেটিংস ও উপায় বা টুল রয়েছে।
নেটওয়ার্ক না থাকা ও সিম কার্ডের ত্রুটি যেভাবে সারাবেন
সিম-এর পূর্ণরূপ ‘সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল’। সিম কার্ডের প্রধান কাজ ব্যবহারকারী ও তার মোবাইল সেবাদাতা কোম্পানির মধ্যকার সংযোগ নিরাপদ ও সুরক্ষিতভাবে অনুমোদন করা, যা ব্যবহারকারীকে টেক্সট মেসেজ পাঠাতে ও ফোন কল করতে দেয়।
সহজ করে বললে, সিম ব্যবহারকারী ও তার মোবাইল নেটওয়ার্ক অপারেটরের মধ্যে সংযোগ করিয়ে দেয়।
সিম কার্ড ডিভাইসে ঠিকমতো না বসলে সমস্যা হতে পারে
সিম কার্ডের ত্রুটির কারণে যখন ফোনে নেটওয়ার্ক থাকে না তখন ফোনটি চালু থাকে, কাজও করে। কেবল এর প্রধান বিভিন্ন সুবিধা যেমন, কল বা মেসেজ পাওয়া যায় না।
এ ক্ষেত্রে, সিম কার্ডটি বের করে আবার ঠিকমতো ভেতরে বসিয়ে দিতে হবে। ফোন হাত থেকে পড়ে গেলে বা সার্ভিসিংয়ের পর কার্ডটি সঠিকভাবে বসানো না হলে এমনটা ঘটে।
সিমটি বের করার জন্য সিম ইজেক্টর টুল ব্যবহার করতে পারেন। ব্যবহারকারীর কাছে সেটা না থাকলে পেপার ক্লিপ বা সেইফটি পিন দিয়েও কাজটি সেরে নেওয়া সম্ভব।
মোবাইল অপারেটরের নেটওয়ার্কে সমস্যা হতে পারে
সমস্যাটি নেটওয়ার্ক বিভ্রাটের মতো কোনো কারণে হচ্ছে কি না তা সবসময়ই যাচাই করে দেখা উচিত। কারণ, এমন ঘটা সম্ভব।
ব্যবহারকারীর কাছে যদি অন্য কোনো অপারেটরের সংযোগসহ আরেকটি ডিভাইস থাকে ও তা ইন্টারনেটে যোগ হতে বা ফোন কল করতে পারে তবে বুঝতে হবে সমস্যাটি কেবল তার নির্দিষ্ট অপারেটরের নেটওয়ার্ক বিভ্রাটের কারণেই হচ্ছে।
একই অপারেটরের সেবা ব্যবহার করেন এমন স্থানীয় কোনো বন্ধু বা পরিবারের সদস্যকে জিজ্ঞাসা করে জেনে নিতে পারেন তাদের ফোন ঠিকমতো কাজ করছে কি না।
এতে নেটওয়ার্ক বিভ্রাটের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বা সেই সম্ভাবনা বাদ দেওয়া যাবে।
ই-সিম কার্ডে আন্তর্জাতিক ভ্রমণজনিত সমস্যা হতে পারে
ফোনে হয়ত ই-সিম কার্ড ব্যবহৃত হচ্ছে, যা প্রচলিত ফিজিকাল কার্ডের বদলে ডিজিটাল সিম সুবিধা দেয়। এগুলো কার্যকর হলেও আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে এদের নিজস্ব কিছু সমস্যা দেখা দিতে পারে।
ই-সিম কার্ড ব্যবহার করলে আইফোনে এর সেটিং খুঁজে পাওয়ার ধরন অ্যান্ড্রয়েডের চেয়ে সামান্য ভিন্ন। আইফোনে সেটিংস মেনুর ‘সেলুলার’ বা ‘মোবাইল ডেটা’তে ই-সিম কার্ড থাকে।
অন্যদিকে, অ্যান্ড্রয়েডে সেগুলো ‘সিম ম্যানেজার’ নামের সেটিংয়ে সংরক্ষিত থাকে। ডেটা রোমিং চালু করলে ব্যবহারকারী যে সমস্যার মুখে পড়ছেন তার সমাধান হতে পারে।
নির্দিষ্ট কিছু ফাংশন সমন্বয় করলে সমাধান মিলতে পারে
সিম কার্ড বা ‘নো সার্ভিস’ ত্রুটি কার্ডের কোনো সমস্যার বদলে কখনো কখনো সফটওয়্যার পর্যায়ের ত্রুটিও হতে পারে। এ ক্ষেত্রে সবচেয়ে প্রচলিত বিভিন্ন সমাধানের একটি ফোনের এয়ারপ্লেন মোড একবার চালু করে আবার বন্ধ করা।
ফোনের ওপর থেকে নিচে সোয়াইপ করে এয়ারপ্লেন বাটনে ট্যাপ করলে এয়ারপ্লেন মোড পাওয়া যায়। দ্রুত একটি নেটওয়ার্ক রিসেটও করা যেতে পারে।
এটা ব্যবহারকারীর ব্যক্তিগত ফাইলের ওপর কোনো প্রভাব ফেলে না। আইফোনে নেটওয়ার্ক রিসেট করার প্রক্রিয়া অ্যান্ড্রয়েডের প্রক্রিয়ার প্রায় কাছাকাছি।
তবে খেয়াল রাখা উচিত, আইফোনের নেটওয়ার্ক রিসেট অপশনটি থাকে সেটিংসের ‘ট্রান্সফার অর রিসেট’ অংশে, আর অ্যান্ড্রয়েডে থাকে সেটিংসেরই ‘রিসেট অপশনস’-এ।
রিসেট করলে ব্যবহারকারীকে ওয়াই-ফাইসহ অন্যান্য কিছু সংযোগে আবার নতুন করে সাইন ইন করতে হবে।
মোবাইল অ্যাকাউন্ট সক্রিয় না থাকা
বিল পরিশোধ না করলে সিম কার্ডটি অপারেটরের নেটওয়ার্কে যুক্ত হওয়া বন্ধ করে দেবে। অনলাইনে বিল পরিশোধ করলে পেমেন্ট বাদ পড়েছে কি না বা অন্য কোনো কারণে ব্যবহারকারীর সেবা স্থগিত কি না তা দেখতে নিজের অ্যাকাউন্ট পরীক্ষা করে নিন।
ভালো নেটওয়ার্ক রয়েছে এমন এলাকায় যান
ফোনে নেটওয়ার্ক না পাওয়ার সঙ্গে খারাপ সিম কার্ড বা নিষ্ক্রিয় অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নাও থাকতে পারে। হয়ত এমন কোনো জায়গায় আছেন, যেখানে নেটওয়ার্ক খুব সীমিত বা একেবারেই নেই বা কোনো কিছুর আড়ালে মোবাইল টাওয়ারের সংকেত বাধাগ্রস্ত হচ্ছে।
আশপাশে সরে গিয়ে এমন জায়গা খুঁজুন যেখানে সত্যিই সংযোগ পাওয়া যায়, কারণ ওই এলাকার দুর্বল নেটওয়ার্কের কারণেও এমন ত্রুটি দেখা দিতে পারে।
