২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ, আগরতলায় আওয়ামী লীগ নেতাদের আগমনের দাবি

নানকের নেতৃত্বে একটি দল দেশে ঢোকার চেষ্টা করছে- এমন খবর পায় আখাউড়া উপজেলা বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 07:31 PM

Updated : 25 Nov 2026, 07:31 PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।

তাদের দাবি, ব্রাহ্মণবাড়িয়ার তিনটি সীমান্তবর্তী উপজেলার যেকোনো একটি দিয়ে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের একটি দল নাশকতা করার জন্য দেশে ঢোকার চেষ্টা করছে- এমন খবর পেয়ে তারা এই বিক্ষোভের আয়োজন করেছেন।

বুধবার বিকালে আখাউড়া স্থলবন্দর চত্বরে তারা এই বিক্ষোভ করেছেন।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম দাবি করেন, “আমরা খবর পেয়েছি, তিন উপজেলার যেকোনো একটি সীমান্ত দিয়ে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল নাশকতা করার জন্য প্রবেশের চেষ্টা করছে।”

সিরাজুল ইসলাম বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

বিএনপির নেতাকর্মীরা দাবি করেন, বুধবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল পৌঁছেছে। দলটির নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। প্রতিনিধি দলে পাঁচ থেকে সাত জ্যেষ্ঠ নেতা রয়েছেন বলে তারা জানতে পেরেছেন।

এ খবর পাওয়ার পর বিকালে আখাউড়া উপজেলা সদর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে স্থলবন্দরে যান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুসহ নেতাকর্মীরা অংশ নেন। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলার সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত রয়েছে।