২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়ায় বিএনপির বিক্ষোভ, রাতে হতে পারে ২ খুনের মামলা

বেন্দারচর এলাকা এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 07:27 PM

Updated : 22 Nov 2026, 08:03 PM

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার জেরে সাবেক সংসদ সদস্যের বাড়িসহ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের পর বেন্দারচর এলাকা এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

তবে কালিয়া উপজেলা সদরে গত তিন দিনের তুলনায় রোববার মানুষর চলাচল অনেক বেড়েছে। এলাকার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ও টহল দেখা গেছে।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম বলেন, উপজেলায় দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় বিএনপি নেতা শাহিনুর মোল্যা ও সোহেল মোল্যা হত্যাকাণ্ডের পর শুক্রবার নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এরপর থেকে বেন্দারচরসহ আশপাশের এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে শনিবারের তুলনায় রোববার এলাকায় মানুষের উপস্থিতি কিছুটা বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি এসআরবির টহল দেখা গেছে।

নিহত জাসাস নেতা সোহেল মোল্যার ভাই মাসুদ রানা বলেন, “মামলার বিষয়ে আমরা কাজ করছি। রাতেই মামলা হবে।”

এদিকে হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কালিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

সমাবেশে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু বলেন, “আমাদের নেতাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এই কালিয়ার মাটিতে কোনো খুনির স্থান হবে না।”

কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন বলেন, “আমাদের ভাইদের যারা হত্যা করেছে, তাদের বিচার কালিয়ার মাটিতে হতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের মোকাবিলা করতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আর্মস্ট্রং সরদার, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাই রাব্বি কামাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন।

পুরনো খবর:

দুই খুন, হামলা-অগ্নিসংযোগের পর বেন্দারচর গ্রাম ঘুরে যা দেখা গেল