২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়ায় সাবেক এমপি মুক্তির বাড়িসহ অর্ধশতাধিক স্থাপনায় অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ

বাধার মুখে সময় মতো পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস।

কালিয়ায় সাবেক এমপি মুক্তির বাড়িসহ অর্ধশতাধিক স্থাপনায় অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ

ভিডিও থেকে নেওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 11:50 AM

Updated : 21 Nov 2026, 05:35 PM

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার দুই দিন বাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্ধশতাধিক ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

শুক্রবার বিকালে কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামে এসব ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজন জানান, হামলাকারীরা ৩০-৩৫টি বাড়ির অর্ধশত ঘর ভাঙচুর, লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করে।

কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বেলা ৪টার দিকে তারা ওই গ্রামের বেশকিছু বাড়িতে আগুন লাগার খবর পান। তবে গ্রামটিতে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় তারা বাধার মুখে পড়েন।

সেসব সরিয়ে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে আগুন অনেকটাই নেভে গিয়েছিল বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা হুমায়ুন কবির।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রামটির অন্তত ২০-২৫ বাড়ির অর্ধশতাধিক বসত-ঘর আগুনে পুড়ে গেছে।

এছাড়া বড়দিয়াবাজারের বেশ কিছু দোকানেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

Image

ভিডিও থেকে নেওয়া।

নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শওকত আলী বলেন, “কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে আগুন লাগার খবর পাওয়া গেছে। আমাদের একটা ইউনিট সেখানে আগুন নেভাতে গিয়েছিল।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেন্দারচর গ্রামে পুড়ে যাওয়া বাড়িঘরের মধ্যে নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর আছে।

এদিকে গ্রামটিতে বাড়িঘরে আগুন জ্বলতে থাকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিষয়ে জানতে কালিয়া থানার ওসি ইদ্রিস আলীর সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশের ওসিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে ১৫-২০টি বাড়িতে ভাঙ্চুর ও কয়েকটি বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব বাড়ির মধ্যে সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িও আছে।”

এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।

Image

ভিডিও থেকে নেওয়া।

জানতে চাইলে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, এ বিষয়ে তারা একটি বিবৃতি দেবেন। সেখানে বিস্তারিত জানানো হবে।

এর আগে বুধবার সন্ধ্যায় কালিয়া পৌরসভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা একটি শোভাযাত্রা বের করেন।

শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামের বটগাছ এলাকায় পৌঁছালে হামলা করা হয়; আগুন দেওয়া হয় কয়েকটি মোটরসাইকেলে।

হামলায় কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান (৪২), পৌর কৃষক দলের সদস্যসচিব শাহিনুর মোল্লা (৪৫) ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫) আহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে শাহিনুর ও সোহেল মারা যান। কার্যক্রম নিষিদ্ধ ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায়’ তারা নিহত হন বলে অভিযোগ বিএনপি নেকাকর্মীদের।

যাদের জিব্বায় রক্তের তৃষ্ণা, রক্ত ছাড়া তারা শান্তিতে থাকতে পারে না: রিজভী 

নড়াইলে ২ বিএনপি নেতা খুন: ‘আমার ছেলে তো দোষ করেনি, কেন তাকে হত্যা করা হল’

 নড়াইলে বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিলে ‘আওয়ামী লীগের’ হামলা, ২ নেতা নিহত