যাদের জিব্বায় রক্তের তৃষ্ণা, রক্ত ছাড়া তারা শান্তিতে থাকতে পারে না: রিজভী
নড়াইলে নিহত দুই নেতার কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
দেশ থেকে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি, তারা এখনো গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “যাদের জিব্বায় রক্তের তৃষ্ণা, রক্তের স্বাদ যাদের মেটেনি, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। দেশ থেকে বিতাড়িত হয়েও তাদের রক্তের তৃষ্ণা কমেনি, বরং আরও বেড়েছে।”
শুক্রবার নড়াইলের কালিয়ায় নিহত দুই নেতার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “এ দেশের গণতন্ত্রকামী মানুষ, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তাদের রক্ত এখনো ঝরছে। ২০২৪ সালের জুলাই- অগাস্টের আন্দোলনে নিষ্পাপ শিশুদের রক্ত ঝরিয়েও তাদের রক্তের তৃষ্ণা মেটেনি। আবরার, মুগ্ধ ও আবু সাঈদকে হত্যা করে তারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। কিন্তু এ দেশের মানুষের আন্দোলনের মুখে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।”
তিনি অভিযোগ করে বলেন, “পার্শ্ববর্তী দেশে পালিয়ে থেকেও তারা এ দেশে তাদের লোকজন দিয়ে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন শাহিনুর মোল্লা ও সোহেল মোল্লা।”
তিনি বলেন, “এই লাশ আমরা কোথায় রাখব? তাদের মা ও স্ত্রীর কাছে কী জবাব দেব? এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেউ কেড়ে নিতে পারবে না। তেমনি এসব হত্যাকাণ্ডের বিচারও হবেই। বিচারের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।”
বুধবার সন্ধ্যায় কালিয়া পৌরসভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা একটি শোভাযাত্রা বের করেন।
শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামের বটগাছ এলাকায় পৌঁছালে হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
হামলায় কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), পৌর কৃষক দলের সদস্যসচিব শাহিনুর মোল্লা (৪৫) ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫) আহত হন।
পরে তাদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে শাহিনুর মোল্লা ও সোহেল মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হচ্ছিল। পথে তাদের মৃত্যু হয়।
বিএনপি নেতাকর্মীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায়’ তারা নিহত হয়েছেন।
নিহত দুই নেতার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
