নড়াইলে বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিলে ‘আওয়ামী লীগের’ হামলায় ২ নেতা নিহত
সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার বলেন, “আমি শুনেছি লোক মারা গেছেন। বিস্তারিত পরে জানানো যাবে।”
নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরের মিছিলে অতর্কিত হামলায় দুই নেতাকর্মী নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছেন।
নিহতরা তারা হলেন- কালিয়া পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল শেখ (৩৫)।
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার বলেন, “আমি শুনেছি লোক মারা গেছেন। বিস্তারিত পরে জানানো যাবে।”
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম রাত সাড়ে ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শুনেছি, সন্ধ্যার দিকে বিএনপির শোভাযাত্রায় হামলার ঘটনায় দুজন নিহত হয়েছেন।”
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “আমরা জানতে পেরেছি, সেখানে প্রথমে কথা কাটাকাটি হয়েছে। পরে শোভাযাত্রার লোকজন ফিরে আসছিল। কয়েকজন পিছনে পড়ে যায়। তাদের উপর হামলা হয়েছে।”
হামলার ঘটনাটি রাজনৈতিক কি না জানতে চাইলে ইউএনও জিন্নাতুল ইসলাম বলেন, “আমরা যে খবর পেয়েছি, তাতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হয়ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এই হামলা চালিয়েছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে বিএনপি নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছায়।
এ সময় একদল লোক শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর অতর্কিতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তারা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে আহত হয় কয়েকজন।
এ সময় কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি কর্মী সোহেল শেখ (৩৫) আহত হন। পরে তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
আহতদের মধ্যে শাহীন ও সোহেল শেখের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে প্রথমে সোহেল শেখ এবং পরে শাহিনও মারা যান বলে জানান কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু।
তিনি বলেন, “ওত পেতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা অতর্কিতে এই হামলা চালিয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
এ বিষয়ে জানতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কালিয়া স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফায়ার ফাইটার কাজী সোহেল বলেন, “খবর পেয়ে আমরা গাড়ি নিয়ে ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছিলাম। কিন্তু রাস্তায় প্রচুর লোক। তাদের বাধা ও হুমকির কারণে আমরা সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছি।”
হতাহতের ব্যাপারে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, তারা যেহেতু ঘটনাস্থলে যেতে পারেননি ফলে এ ধরনের তথ্য তাদের কাছে নেই।
এ বিষয় জানতে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে হোয়াটসসঅ্যাপে ফোন ও বার্তা পাঠালেও সাড়া দেননি।
