২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ২ বিএনপি নেতা হত্যায় ৬ দিন পর মামলা

মামলায় ৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২৫জনকে আসামি করা হয়েছে।

নড়াইলে ২ বিএনপি নেতা হত্যায় ৬ দিন পর মামলা

নিহত শাহিনুর মোল্যা ও সোহেল মোল্যা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 03:39 PM

Updated : 25 Nov 2026, 03:39 PM

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা শাহীনুর মোল্যা ও সোহেল মোল্যা হত্যাকাণ্ডের ছয় দিন পর মামলা করা হয়েছে। মামলায় ৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২৫জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার রাতে সোহেল মোল্যার ভাই জুয়েল মোল্যা বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন কালিয়া থানার ওসি ইদ্রিস আলী।

নিহত জাসাস নেতা সোহেল মোল্যার ভাই জুয়েল মোল্যা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জুয়েল মোল্যা বড়কালিয়া গ্রামের মৃত মোতালেব মোল্যার ছেলে।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ১৮ নভেম্বর সন্ধ্যায় কালিয়া পৌরসভায় বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি একটি শোভাযাত্রা বের করেন।

শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামের বটগাছ এলাকায় পৌঁছালে হামলা করা হয়; আগুন দেওয়া হয় কয়েকটি মোটরসাইকেলে।

হামলায় কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান (৪২), পৌর কৃষক দলের সদস্যসচিব শাহিনুর মোল্যা (৪৫) ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৩৫)আহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে শাহিনুর ও সোহেল মারা যান।

নিহত সোহেল মোল্যা বড়কালিয়া গ্রামের মৃত মোতালেব মোল্যার ছেলে। শাহিনুর মোল্যা ছোটকালিয়া গ্রামের নিছার উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জোড়া এ হত্যাকাণ্ডের পর শুক্রবার নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এরপর থেকে বেন্দারচরসহ আশপাশের এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ওসি ইদ্রিস আলী বলেন, বিএনপি নেতাদের হত্যার ঘটনায় এর মধ্যেই দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন, বেন্দারচর গ্রামের বুলু বিশ্বাসের দুই ছেলে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১)। তাদেরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

আগের সংবাদ

কালিয়ায় বিএনপির বিক্ষোভ, রাতে হতে পারে ২ খুনের মামলা

দুই খুন, হামলা-অগ্নিসংযোগের পর বেন্দারচর গ্রাম ঘুরে যা দেখা গেল

যাদের জিব্বায় রক্তের তৃষ্ণা, রক্ত ছাড়া তারা শান্তিতে থাকতে পারে না: রিজভী

নড়াইলে ২ বিএনপি নেতা খুন: ‘আমার ছেলে তো দোষ করেনি, কেন তাকে হত্যা করা হল’

নড়াইলে বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিলে ‘আওয়ামী লীগের’ হামলা, ২ নেতা নিহত