২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে সাপে কাটার পর ওঝার ঝাড়ফুঁক, প্রাণ গেল কৃষকের

চিকিৎসা বলেন, কোন সাপে কামড়েছে, তা-ও নিশ্চিত হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 03:52 PM

Updated : 25 Nov 2026, 03:52 PM

মাদারীপুরে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। সাপে কাটার পর তাকে হাসপাতালে না নিয়ে প্রথমে ওঝা ডেকে ঝাড়ফুঁক করানো হয়।

পরে অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাত ৯টার দিকে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়।

তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অখিল সরকার।

নিহত উদ্ধব বাড়ৈর (৫০) বাড়ি সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কলাগাছিয়া গ্রামে। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকালে কলাগাছিয়া বাজারের একটি পরিত্যক্ত দোকানঘরে সমবয়সীদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন উদ্ধব। এ সময় ঘরের ভেতরে থাকা একটি গোখরা সাপ (কালি জাতি সাপ) তাকে কামড় দেয়। পরে সেখানে থাকা লোকজন সাপটিকে মেরে ফেলেন। এরপর স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে যান।

নিহতের বড় ভাই ত্রিনাথ বাড়ৈ বলেন, সাপে কাটার পর শরীর থেকে বিষ নামানোর জন্য ওঝাকে ডেকে এনে ঝাড়ফুঁক করানো হয়। কিন্তু এতে ভাইয়ের অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয় হয়।

চিকিৎসা অখিল সরকার বলেন, সাপে কাটার পরপরই হাসপাতালে আনা হলে তাকে চিকিৎসা দেওয়া সম্ভব হতো। কোন সাপে কামড়েছে, তা-ও নিশ্চিত হওয়া গিয়েছিল। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।