২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সাইবার সুরক্ষা আইনে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারদের মধ্যে একজন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং অন্যজন উপজেলা যুবলীগের সভাপতি।

বগুড়ায় সাইবার সুরক্ষা আইনে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

নিসরুল হামিদ ফুতু এবং শাহিনুর রহমান মন্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 10:19 PM

Updated : 20 Nov 2026, 10:19 PM

বগুড়ার আদমদীঘি উপজেলায় সাইবার সুরক্ষা আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের হলুদঘর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আদমদীঘি থানার ওসি জামিরুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিসরুল হামিদ ফুতু (৫৫) এবং উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি (৫৬)।

নিসরুল উপজেলার সান্তাহার পৌর শহরের হলুদঘর এলাকার মেহের আলী মাস্টারের ছেলে এবং শাহিনুর একই এলাকার প্রয়াত জলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে তালশন কালীবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানের পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন।

অভিযোগ রয়েছে, সেখানে তারা বিভিন্ন এলাকায় নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, মহাসড়কে যানবাহনে ভাঙচুর ও ক্ষতিসাধন এবং সরকারি স্থাপনা নষ্ট করে অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন।

খবর পেয়ে সেই সময় অভিযান চালিয়ে ১৫ ফুট একটি ব্যানারসহ ছাত্রলীগ নেতা সাকিবকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনার জেরে আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা আইনে ৩০ জনকে আসামি করে একটি মামলা করে পুলিশ। সেই মামলার তদন্তের ধারাবাহিকতায় নিসরুল ও শাহিনুরকে গ্রেপ্তার করা হয়।

ওসি জামিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।