১৬ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

রূপনগরে মিছিলের ‘প্রস্তুতিকালে’ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে সাবেক অন্তর্বর্তী সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 02:31 PM

Updated : 16 Nov 2026, 02:31 PM

ঢাকার মিরপুরের রূপনগরে ‘মিছিলের প্রস্তুতির সময়ে’ নিষিদ্ধ ছাত্রলীগসহ নেতাসহ চারজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

রূপনগর থানার ওসি এ বি সিদ্দিক জানিয়েছেন সোমবার সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন–রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল হাসান আলিফ (২০), বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ ইসলাম (৩১), মো. জাহিদ (২৬) ও গোলাম রাব্বি (২২)।

ওসি বলেন, “তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল।”

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।

গণআন্দোলনে ক্ষমতা হারিয়ে ২০২৪ সালের ৫ অগাস্ট দেশে ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর তিন দিন বাদে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা অন্যদলগুলোর কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগের বাকি জ্যেষ্ঠ নেতাদের অধিকাংশই রয়েছেন আত্মগোপনে। ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তারা নেই।

আন্দোলন দমাতে শত শত মানুষকে হত্যার মত ‘মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে শেখ হাসিনাসহ আওয়াম লীগ নেতাদের বিচার চলছে, আর সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে সাবেক অন্তর্বর্তী সরকার।

তবে মাঝেমধ্যে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিলের খবর আসে। এসব মিছিল থেকে কখনো ধরপাকড়ও করার কথা জানায় পুলিশ।