২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

নড়াইলে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা

পুলিশ জানায়, কথা কাটাকাটির এক পর্যায়ে হাসিব মোল্যা হঠাৎ করেই ছুরি বের করে মানসুর ও নূর ইসলামকে আঘাত করে গুরুতর আহত করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 10:56 AM

Updated : 27 Sep 2026, 10:56 AM

নড়াইলের কালিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আরেকজন আহত হয়েছেন।

শনিবার রাত ১০টার দিকে উপজেলার কদমতলা ত্রিমোহনায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালিয়া থানার ওসি ইদ্রিস আলী।

মানসুর মোল্যা (৪৫) কদমতলা গ্রামের মৃত হাবিবুর রহমান মোল্যার ছেলে। আহত নূর ইসলাম (৩৫) একই গ্রামের মৃত আমজাদ মোল্যার ছেলে।

পুলিশ জানায়, কদমতলা গ্রামের লিপটন মোল্যার ছেলে হাসিব মোল্যা তার দাদাকে তার নামে জমি লিখে দিতে বলে। এ বিষয় নিয়ে পরিবারের মধ্য বিরোধ চলছিল।

এর জের ধরে হাসিব মোল্যার সঙ্গে শুক্রবার তার চাচাতো ভাই ও নড়াইলের পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) কাসেদ মোল্যার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে কাসেদকে কিল-ঘুষি মারেন হাসিব।

পরে শনিবার রাত ১০টার দিকে কদমতলা ত্রি-মোহনার মোড়ের দোকানে হাসিবকে পেয়ে ইউপি সদস্য কাসেদের আরেক চাচাতো ভাই মানসুর ও নূর ইসলাম কেন কাসেদের গায়ে হাত তোলা হয়েছে তা জানতে চান।

আহত ও প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, কথা কাটাকাটির এক পর্যায়ে হাসিব মোল্যা হঠাৎ করেই ছুরি বের করে মানসুর মোল্যা ও নূর ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করে।

এ সময় গুরুতর আহত মানসুরকে খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা ফুটবল মাঠের কাছে গেলে তিনি মারা যান। নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি ইদ্রিস আলী রোববার সকালে বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে মানসুরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পালিয়ে যাওয়া হাসিব মোল্যাকে ধরতে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।