২০ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুতি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের

সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী বলেছে, কর্তৃপক্ষ সম্ভাব্য হামলার সতর্কতা জারি করার পর তারা ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করেছে।

রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুতি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের

হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র। ছবি: আল জাজিরা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Oct 2026, 05:06 PM

Updated : 20 Oct 2026, 05:06 PM

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি জোট বাহিনী।

মঙ্গলবার সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনীটি বলেছে, কর্তৃপক্ষ সম্ভাব্য হামলার সতর্কতা জারি করার পর তারা ইয়েমেন থেকে রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাধা দিয়ে ধ্বংস করেছে।

এক্স এ এক পোস্টে সৌদি জোট বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি বলেছেন, “সন্ত্রাসী হুতি মিলিশিয়ারা রিয়াদের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর সেটি বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে।”

আল অ্যারাবিয়া জানিয়েছে, সৌদি সিভিল ডিফেন্স এর আগে এক বিবৃতিতে জানায় যে রিয়াদে অবস্থিত জাতীয় আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্ম সম্ভাব্য হামলার বিষয়ে একটি সতর্কবার্তা জারি করেছিল, তবে কয়েক মিনিট পরেই সেই সতর্কবার্তা তুলে নেওয়া হয়।

২০১৪ সালে বিদ্রোহী হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে সরকারকে দেশের দক্ষিণ দিকে সরে যেতে বাধ্য করে। পরের বছর সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট বাহিনী ইয়েমেনে হস্তক্ষেপ করলে ওই অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে। হামলা-পাল্টা হামলায় ব্যাপক রক্তক্ষয়ের পর অচলাবস্থা তৈরি হয়, পরে ২০২২ সালে বিবদমান পক্ষগুলো একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় যা চলতি বছর পর্যন্ত কার্যকর ছিল।

কিন্তু চলতি বছর যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর হুতিরা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারী দেশ সৌদি আরবের বিরুদ্ধে আক্রমণ জোরদার করেছে। ইয়েমেনের শিয়া গোষ্ঠীটি সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ‘সৌদি আরামকো’ ও রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যস্থল বানিয়েছে।