সৌদি আরবে সেনা মোতায়েন করেছে পাকিস্তান: সেনাবাহিনী
পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়ে এটিই প্রথম প্রকাশ্য মন্তব্য।
পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, সৌদি আরবে মোতায়েনের জন্য সেনা পাঠিয়েছে ইসলামাবাদ।
ইসলামাবাদে ‘মক্কা প্রতিরক্ষা জোট’এর উচ্চপর্যায়ের বৈঠকের একদিন পর শনিবার এসব সেনা পাঠানো হয় বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছে তারা।
বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী বলেছে, “এই সেনা মোতায়েন সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের অবিচল অঙ্গীকারের প্রতিফলন।”
রয়টার্স লিখেছে, পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়ে এটিই প্রথম প্রকাশ্য মন্তব্য। এই বিবৃতিতে সেনাদের বিদায় অনুষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা সহযোগিতার বিদ্যমান কাঠামো এবং সমঝোতা হওয়া পারস্পরিক অঙ্গীকারের আওতায় এই সেনারা সৌদি ভূখণ্ডের ভেতরে দায়িত্ব পালন করবেন। এতে আরও বলা হয়, বাড়তে থাকা নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার লক্ষ্যেই দেশটিতে সেনা পাঠানো হয়েছে।
শুক্রবার ইসলামাবাদে ‘মক্কা প্রতিরক্ষা জোট’ এর কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর এই সেনাদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ওই বৈঠকে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের শীর্ষ বেসামরিক ও সামরিক নেতারা অংশ নিয়েছিলেন।
ইয়েমেনে ইরান সমর্থিত হুতি মিলিশিয়া ও সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে লড়াই তীব্রতর হওয়ার পর এবং সৌদি আরবে হুতিদের হামলার প্রেক্ষাপটে আগস্টে সৌদি আরবের মক্কা নগরীতে এই ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছিল।
এর আগে মে মাসে রয়টার্স জানিয়েছিল, ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ চলাকালে পাকিস্তান সৌদি আরবের সঙ্গে পূর্ববর্তী আরেক প্রতিরক্ষা চুক্তির আওতায় দেশটিতে হাজার হাজার সেনা, এক স্কোয়াড্রন যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন করেছিল।
অক্টোবরে এক পাকিস্তানি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স আরও জানায়, সৌদি আরবের স্থলসীমান্ত রক্ষা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করার জন্য দেশটিতে পাকিস্তান ৩০ থেকে ৪০ হাজার সেনা মোতায়েন করেছে।
