২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদির নিরাপত্তায় পাশে থাকার অঙ্গীকার মক্কা জোটের

তবে ইয়েমেনে সেনা পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 03:12 PM

Updated : 28 Nov 2026, 03:12 PM

সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দেশটিকে সমর্থন দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান ও তুরস্ক।

একইসঙ্গে ইয়েমেনের হুতিদের সৌদি আরবে অব্যাহত হামলার নিন্দা জানিয়েছে তিন দেশের জ্যেষ্ঠ সরকারি ও প্রতিরক্ষা কর্মকর্তারা।

শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা চুক্তিভুক্ত দেশগুলোর কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির (এসপিডিসি) বৈঠকের পর এ বিবৃতি আসে।

গত ৭ অগাস্ট তিন দেশ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী, কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে এ কমিটি গঠিত।

প্রায় আড়াই ঘণ্টার বৈঠক শেষে অংশগ্রহণকারী কর্মকর্তাদের ধন্যবাদ জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

তিনি সাংবাদিকদের বলেন, “এসপিডিসি বৈঠকে পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে।”

ইসহাক দার বলেন, “সৌদি আরবে বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হুতি মিলিশিয়াদের ধারাবাহিক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করেছে তিন পক্ষ।”

তিনি বলেন, “মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির বিধান অনুযায়ী সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দেশটিকে সমর্থন অব্যাহত রাখা এবং প্রচেষ্টা আরও জোরদার করার যৌথ সংকল্প তারা পুনর্ব্যক্ত করেছে।”

ইরান-সমর্থিত হুতিদের হামলার মুখে রয়েছে সৌদি আরব। গত জুলাইয়ে ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর থেকে সৌদি আরবের বিভিন্ন শহর, তেল স্থাপনা ও নৌযানকে বারবার লক্ষ্যবস্তু করেছে গোষ্ঠীটি।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে দেশটিতে সন্দেহভাজন হুতি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে বিমানবন্দরে হামলায়।

শুক্রবারের বৈঠকে এসব হামলা আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল বলে ধারণা করা হলেও সুনির্দিষ্ট কোনো সামরিক পদক্ষেপের ঘোষণা আসেনি।

এর আগে গত ৫ অক্টোবর রিয়াদে জোটের সদস্য দেশগুলোর এক জরুরি বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষায় বাহিনী ও সামরিক সক্ষমতা সরবরাহ এবং দ্রুত মোতায়েন নিশ্চিত করার বিষয়ে সম্মত হয়েছিল কমিটি।

সৌদি ভূখণ্ড রক্ষায় পাকিস্তান সহায়তার অঙ্গীকার করলেও ইয়েমেনের ভেতরে হুতিদের ওপর হামলায় অংশ নেওয়ার বিষয়টি নাকচ করেছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও গত সপ্তাহে জানান, আঙ্কারার বর্তমান নীতি সৌদি আরবের প্রতিরক্ষায় সহায়তা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ।

তিনি বলেন, “ইয়েমেনের ভেতরে সেনা মোতায়েনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সৌদি আরবকে রক্ষায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।”

শুক্রবারের বৈঠকে জোটের আগের সভাগুলোতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন এবং বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান ইসহাক দার।

তিনি বলেন, “পারস্পরিক নিরাপত্তা উদ্বেগ মোকাবিলা এবং অঞ্চলে শান্তি ও নিরাপত্তায় অবদান রাখতে সশস্ত্র বাহিনীর সম্মিলিত সক্ষমতা ও সংহতি বাড়ানোর লক্ষ্যে প্রতিরক্ষা শিল্প, যৌথ প্রযুক্তিগত উন্নয়ন, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে পক্ষগুলো।”

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদানও জোটের কৌশলে এ ধরনের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।

বৈঠক শেষে তিনি বার্তা সংস্থা আনাদলুকে বলেন, “এই জোটের সবচেয়ে বড় লক্ষ্য হলো এখানকার দেশগুলোর নিজস্ব সক্ষমতা, শুধু সামরিক সক্ষমতা নয়, প্রতিরক্ষা শিল্পের সক্ষমতাও একত্র করা, যাতে আরও বড় শক্তি তৈরি হয়, আরও বড় প্রভাব পড়ে এবং শান্তি ও স্থিতিশীলতায় আরও বড় অবদান রাখা যায়।”

ফিদান জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা নিয়েও বৈঠকে কথা হয়েছে। পাশাপাশি জোটে যোগ দিতে আগ্রহী অন্য দেশগুলোর জন্য অনুসরণীয় একটি রূপরেখা তৈরির বিষয়ে নীতিগত কিছু সিদ্ধান্ত হয়েছে।

আঞ্চলিক কয়েকটি দেশ এরই মধ্যে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। গত অগাস্টে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছিলেন, মিশর এ জোটে যোগ দিতে পারে।

বাংলাদেশও চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। এ ছাড়া সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি গত মাসে জানিয়েছিলেন, মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখছে দামেস্ক।