দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
“কিছু কিছু শ্রমিক নামধারী, তারা শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করার হয়তো পাঁয়তারা করছে,” বলেন তিনি।
দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করে দেওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ে ঘোষণা দেওয়া হয়েছে এবং শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির পাঁয়তারা চলছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হন সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা বদ্ধপরিকর, দেশে যেকোনো রকমের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারাকে আমরা নস্যাৎ করে দেব।”
মুজরি বৃদ্ধির দাবিতে অক্টোবরের শেষ দিক থেকে শ্রমিকরা আন্দোলনে নামে। আন্দোলন চলাকালে ঢাকা, সাভার, গাজীপুর, নারায়নগঞ্জে সড়ক অবরোধ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ন্যূনতম মজুরি নির্ধারণের খবরে আন্দোলন স্তিমিত হয়ে এলেও প্রায় প্রতিদিন কোথাও না কোথাও শ্রমিকরা রাস্তায় নামার চেষ্টা করেন।
অন্যদিকে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে প্রায় দুই সপ্তাহ বোমা বিস্ফোরণ, বাসে আগুন, বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশের তরফে বলা হয়েছে, কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচির ঘিরে দলটি নেতাকর্মীরা এ সহিংসতা চালিয়েছে।
মাঝে বোমাবাজি, বাসে আগুনের ঘটনা কমলেও আবার শুরু হয়েছে। শুক্রবার রাতে ঢাকার সাতটি স্থানে বোমা বিস্ফোরণ হয়েছে। আগুন দেওয়া হয়েছে বাসে।
এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোর প্রস্তুতি নিয়ে একজন সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে। তাদের কাজই এটি। সব সময় কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে, তা ধরেই নেওয়া হয়। এ জন্যই পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে।
একজন সাংবাদিক প্রশ্ন করে বলেন, আবার জ্বালাও-পোড়াও শুরু হয়েছে এবং কার্যক্রম নিষিদ্ধদের আবার কর্মসূচিও আছে, সামাজিক মাধ্যমেও দেখা যাচ্ছে।
এর জবাবে কারও কারও কর্মসূচি থাকতে পারে মন্তব্য করেন মন্ত্রী।
এ সময় শ্রমিক অসন্তোষের বিষয়েও কথা বলেন তিনি।
“শ্রমিকরা ভাই-বোনরা অত্যন্ত সন্তুষ্ট। আপনারা লক্ষ্য করেছেন যে তারা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগতম জানিয়েছে, আর শৃঙ্খলা রক্ষা করেছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী ভাষ্য, “কিছু কিছু শ্রমিক নামধারী, তারা শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করার হয়তো পাঁয়তারা করছে। আমার মনে হয়, তারা সফল হবে না।
“আর যারা জ্বালাও-পোড়াও করছে ঘোষণা দিয়ে, সীমান্তের ওপার থেকে, তারা আপনারা লক্ষ্য করেছেন যে দেশের দু-একটি জায়গায়, ইউনিয়ন পর্যায়ে হয়তো কোথাও কোথাও মশাল মিছিল করেছে বলে আমি শুনেছি, দেখেছি। এগুলা খুবই বিচ্ছিন্ন ঘটনা।”
সীমান্তে তৎপরতার বিষয়টি তুলে ধরে এক সাংবাদিক জানতে চান বিজিবি ওখানে কী অবস্থায় আছে।
জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “সীমান্তের ওপারে কে কী করছে, আমরা জানি না। তবে সীমান্তের এপারে, দেশের ভেতরে কেউ কোনো অপতৎপরতা চালাতে পারবে না।”
ভারতের এক মন্ত্রীর ‘বাংলাদেশ দখলের’ হুমকির বিষয়ে সরকারের তরফে প্রতিবাদ করা হবে কি না?
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। আর কারো অপ্রাসঙ্গিক, অপাংক্তেয় কথাবার্তার জবাব আমি দেব না।”
এর আগে গোপালগঞ্জ ও গাজীপুরে দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তাদের বিষয়ে তিনি বলেন, অনেকে আহত হয়েছেন, কেউ গুরুতর আহত হয়েছেন। কারও মাথায় আঘাত রয়েছে, কারও হাড় ভেঙেছে। ইতোমধ্যে অনেকে চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কয়েকজন সদস্যকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে এবং বিশেষায়িত চিকিৎসারও প্রয়োজন হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তাদের সাহস জুগিয়েছি, প্রশংসা করেছি। তাদেরকে পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এখন শৃঙ্খলা ফিরে এসেছে এবং তারা জনআস্থা অর্জন করেছে। শ্রমিক অসন্তোষের সময় বাহিনীর সদস্যরা নিজেরা আহত হলেও শ্রমিকদের গায়ে হাত দেননি। কোনো শ্রমিক আহত হননি, প্রাণহানিও ঘটেনি। বিষয়টি দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান। সেখানে গোপালগঞ্জ ও গাজীপুরে দায়িত্ব পালনকালে আহত বিজিবি সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।
গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে হামলায় খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত বিজিবির নায়েক মো. মনির হোসেন (৪০) মাথায় আঘাত পান।
প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২১ নভেম্বর পিলখানার শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে দায়িত্ব পালনকালে আন্দোলনকারী শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (৪৭) ও সিপাহী (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫) আহত হন।
লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙেছে। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পান তিনি।
সিপাহী রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙেছে। ডান হাত ও বাম পায়ের বিভিন্ন স্থানেও ক্ষত সৃষ্টি হয়।
