২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬

আহত ছয় পুলিশ সদস্যের মধ্যে একজন মাথায় আঘাত নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬

ভিডিও থেকে নেওয়া ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 03:29 PM

Updated : 20 Nov 2026, 03:29 PM

চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় টহল পিকআপ উল্টে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার চিনকি আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক রাকিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইওয়ে পুলিশের ছয় সদস্যের একটি দল মহাসড়কে টহল দিচ্ছিল। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সোহাগ এলিট পরিবহনের একটি বাস পেছন থেকে পুলিশের টহল পিকআপটিকে ধাক্কা দেয়।

“বাসের ধাক্কায় টহল গাড়িটি উল্টে যায়। এতে গাড়িতে থাকা ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।”

রাকিবুল হাসান জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চারজনকে ছেড়ে দেওয়া হয়। অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, ওই দুজনের মধ্যে একজনকে দুপুরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মাথায় আঘাত পাওয়া অপর পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি আছেন।