খালের পাড়ে পড়েছিল জুতা, তল্লাশি করে মিলল নিখোঁজ তরুণের মৃতদেহ
মানিকগঞ্জে একদিন আগে আরিফ বাবার দোকান থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি বলে জানান স্বজনরা।
মানিকগঞ্জ শহরের একটি খাল থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে; যিনি একদিন আগে নিখোঁজ হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পরদিন শুক্রবার বিকালে শহরের সদর পুলিশ ফাঁড়ির পাশের একটি সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিয়া রাজ জানিয়েছেন।
নিহত জিহাদুল ইসলাম আরিফ (২১) সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বেতিলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
মানিকগঞ্জ সদর থানার ওসি মনির হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে শহরের বাবার দোকানে যান আরিফ। পরে সেখান থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি তিনি।
এরপর স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন খালের পাড়ে আরিফের জুতা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় খালে তল্লাশি করে আরিফের মৃতদেহ উদ্ধার করেন বলে জানান ওসি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মিয়া রাজ বলেন, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জুতার অবস্থানকে কেন্দ্র করে খালে তল্লাশি চালানো হয়। প্রায় ৬০ ফুট দূরে পানির নিচ থেকে আরিফের লাশ উদ্ধার করা হয়।
ওসি মনির হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
