ইউনাইটেডের অনুশীলনের ভিডিও সরিয়ে নিয়ে ক্ষমা চাইলেন ড্রোন অপারেটর
ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ডে নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোর প্রথম অনুশীলনের দৃশ্য ধারণ করেন ওই ব্যক্তি।
ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনের দৃশ্য ধারণকারী এক ড্রোন অপারেটর নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে নিজের ইউটিউব চ্যানেল থেকে ফুটেজটি সরিয়ে ফেলেছেন তিনি।
ইউনাইটেডের ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ডে বৃহস্পতিবার নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোর প্রথম অনুশীলনের সময় ধারণ করা এই ফুটেজটি ‘সিসি ওভারভিউ’ নামের একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়।
ওই ড্রোন অপারেটর শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে এক বিবৃতিতে বলেন, ড্রোন সংক্রান্ত নিয়ম অনুযায়ী তার ড্রোন চালানো বৈধ হলেও, অনুশীলনের দৃশ্য ধারণ করাটা ছিল ‘অনৈতিক।’
“আমার উদ্দেশ্য ছিল মাউরিসিও পচেত্তিনোকে ইউনাইটেডের অনুশীলনের পোশাকে তুলে ধরা, যাতে সমর্থকরা তাকে প্রথমবারের মতো দেখতে পান।
“আমি পুরোপুরি স্বীকার করছি যে, আমার এই কাজটি ছিল অনৈতিক। আমি ম্যানচেস্টার ইউনাইটেড, মাউরিসিও পচেত্তিনো এবং খেলোয়াড়দের কাছে ক্ষমা চাইছি। আশা করি, আমার এই কাজটি কোনো ম্যাচের ফলে কোনো প্রভাব ফেলবে না।’
অপারেটর আরও বলেন, তিনি ভুলবশত ধরে নিয়েছিলেন যে শুধু ওয়ার্ম-আপ কার্যক্রমগুলোই দেখা যাবে এবং অনুশীলন পর্বটি বিভিন্ন গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে।
তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, ক্যারিংটনে ভিডিও ধারণের সিদ্ধান্তের সঙ্গে লিভারপুল বা অন্য কোনো ফুটবল ক্লাবের কোনো সম্পর্ক নেই।
“ভিডিওটি আমার চ্যানেল থেকে সরিয়ে ফেলা হয়েছে।”
মাইকেল ক্যারিক বরখাস্ত হওয়ার পর, এই সপ্তাহে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন পচেত্তিনো। দায়িত্ব নেওয়ার পরপরই এই আর্জেন্টাইন কোচের সামনে বড় চ্যালেঞ্জ, রোববার লিভারপুলের মাঠে খেলবে ইউনাইটেড।
এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১০ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পাওয়া ইউনাইটেড ১৮তম স্থানে আছে। লিভারপুল আছে চতুর্থ স্থানে।
