২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

দুঃস্বপ্নের পথচলায় এবার ওল্ড ট্র্যাফোর্ডে বিধ্বস্ত ইউনাইটেড

আরেকটি বড় হারে মাইকেল ক্যারিকের দলের অবস্থা আরও মলিন হয়ে পড়ল।

দুঃস্বপ্নের পথচলায় এবার ওল্ড ট্র্যাফোর্ডে বিধ্বস্ত ইউনাইটেড

কিছুতেই কক্ষপথে ফিরতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Oct 2026, 09:59 PM

Updated : 25 Oct 2026, 10:31 PM

প্রথমার্ধের শেষ দিকে পাঁচ মিনিটের মধ্যে দুই গোল খেয়ে বসল ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতির পর ঘুরে দাঁড়াবে কী, উল্টো আরেকটি গোল হজম করে কোণঠাসা হয়ে পড়ল তারা। ঐতিহ্যবাহী দলটির মাঠে স্মরণীয় এক জয় তুলে নিল বোর্নমাউথ।

ওল্ড ট্র্যাফোর্ডে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-০ গোলে হেরেছে ইউনাইটেড।

এই হারে ইউনাইটেডের দুঃস্বপ্নের পথচলা দীর্ঘ হলো আরও, সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচে জয়শূন্য রইল মাইকেল ক্যারিকের দল। কোচের ওপর চাপও বাড়ল।

ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে ছিলেন ব্রুনো ফের্নান্দস। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে কোমোর কাছে ৪-১ গোলে হারের পর ক্যারিকের কৌশলকে দায়ী করেছিলেন এই পর্তুগিজ মিডফিল্ডার, যার জেরে ইউনাইটেড অধিনায়ককে বোর্নমাউথের বিপক্ষে বেঞ্চে বসিয়ে রাখা হয়। যদিও এটিকে স্রেফ ‘ফুটবলীয় সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন কোচ।

প্রথমার্ধে দল ২-০ গোলে পিছিয়ে থাকার পরও, ইউনাইটেডের মূল ভরসা ফের্নান্দসকে মাঠে নামানো হয়নি। ইউনাইটেড যখন ধুঁকছিল এবং খুব কমই সুযোগ তৈরি করতে পারছিল, তখন ফের্নান্দসকে বেঞ্চ থেকেই দলের অসহায়ত্ব দেখতে হয়েছে।

ম্যাচজুড়েই দুর্দান্ত খেলেছে বোর্নমাউথ। ৩৮তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হায়ানের গোলে এগিয়ে যায় তারা। ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস ট‍্যাভারনিয়ার।

৭১তম মিনিটে ইভানলিসনের চমৎকার তৃতীয় গোলটির পর কিছু দর্শক স্টেডিয়াম ছাড়তে শুরু করেন। তখনও ফের্নান্দস বেঞ্চেই ছিলেন এবং ইউনাইটেডের ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণই দেখা যায়নি। শেষ পর্যন্ত মাঠেই নামানো হয়নি অধিনায়ককে।

ম্যাচ শেষে দর্শকদের তীব্র দুয়োধ্বনির মুখে পড়ে ক্যারিকের দল। এই পরাজয়ে আট ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ১৬তম স্থানে নেমে গেছে তারা। গত ৩০ অগাস্ট ইপসউইচ টাউনকে ৫-২ গোলে হারানোর পর থেকে লিগে আর জয় পায়নি প্রতিযোগিতাটির সফলতম দলটি।

একই সময়ে শুরু আরেক ম্যাচে ছন্দে থাকা ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল।

ঘরের মাঠে প্রথমার্ধে দারুণ গতিময় ফুটবল খেলে গোল দুটি আদায় করে নেয় লিভারপুল। ১৭তম মিনিটে প্রথম গোলটি অবশ্য প্রতিপক্ষের আত্মঘাতী। ২১তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন আলেকসান্দের ইসাক।

এই হারে ব্রাইটনের টানা চার জয়ের ধারায় বড় ছেদ পড়ল। আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে আছে তারা।

চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে চেলসিকে টপকে চারে উঠেছে লিভারপুল।

সমান ২১ পয়েন্ট নিয়ে আর্সেনাল দুইয়ে ও গোল পার্থক্যে ম্যানচেস্টার সিটি শীর্ষে আছে।