২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

এভারটনের মাঠে আত্মঘাতী হয়ে পয়েন্ট হারাল লিভারপুল

কয়েক ঘণ্টার জন্য হলেও দুইয়ে ওঠার সুযোগ ছিল লিভারপুলের, পারল না তারা।

এভারটনের মাঠে আত্মঘাতী হয়ে পয়েন্ট হারাল লিভারপুল

আত্মঘাতী গোল হজমের পর লিভারপুলের খেলোয়াড়দের চোখে-মুখে হতাশা, এভারটন শিবিরে স্বস্তির ছাপ। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 08:00 PM

Updated : 29 Nov 2026, 08:09 PM

ম্যাচের শুরুতেই চমৎকার গোলে এগিয়ে গেল লিভারপুল। কিন্তু বেশিক্ষণ ব্যবধান ধরে রাখতে পারল না তারা। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে মার্সিসাইড ডার্বিতে পয়েন্ট ভাগাভাগি করল এভারটন।

এভারটনের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। দমিনিক সোবোসলাইয়ের নৈপুণ্যে লিভারপুল এগিয়ে যাওয়ার পর, নিজেদের জালে বল পাঠিয়ে বসেন দলটির ইয়েরেমি ফ্রিমপং।

লিগে আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে বিধ্বস্ত করাসহ সব প্রতিযোগিতা মিলিয়ে গত তিন ম্যাচে ১০টি গোল করে লিভারপুল, হজম করে কেবল একটি। সেই তারাই এবার ফিনিশিংয়ে ভুগল বেশ।

৬০ শতাংশের বেশি সময় পজেশন নিয়ে গোলের জন্য ২১টি শট নিয়ে কেবল তিনটি লক্ষ্যে রাখতে পারে আন্দোনি ইরাওলার দল। এভারটনের ১৪ শটের চারটি লক্ষ্যে ছিল।

১২ ম্যাচে ছয় জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল।

সমান ম্যাচে চার জয় ও পাঁচ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে এভারটন।

ম্যাচে প্রথম উল্লেখযোগ্য আক্রমণেই এগিয়ে যায় লিভারপুল। ফ্লোহিয়ান ভিয়েৎসের পাস ডি-বক্সের মুখে পেয়ে জোরাল শটে গোলটি করেন সোবোসলাই। লিগে টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন তিনি।

প্রিমিয়ার লিগে তিনটিসহ মৌসুমে তার মোট গোল হলো পাঁচটি।

গোল হজমের পর, পজেশন রাখার পাশাপাশি পাল্টা আক্রমণেও জোর দেয় এভারটন। ২৫তম মিনিটে গোলও পেয়ে যায় তারা; প্রতিপক্ষের একটি ক্রস ছয় গজ বক্সে শটে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন ডাচ ডিফেন্ডার ইয়েরেমি ফ্রিমপং।

১০ মিনিট পর আবার এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় লিভারপুল। তবে ছয় গজ বক্সের বাইরে থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি আলেকসান্দের ইসাক।

বিরতির পরও সমানতালে দুই পাশেই চলতে থাকে আক্রমণ। যদিও প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারছিল না কেউ। ৬৪তম মিনিটে ডি-বক্সে বিপজ্জনক জায়গায় বল পেয়ে জোরাল ভলি করেন ডিউসবুরি-হল, তবে অসাধারণভাবে সেটা রুখে দেন লিভারপুল ডিফেন্ডার জেরেমি জ্যাকে।

৮০তম প্রতিপক্ষের গোলমুখে ভীতি ছড়ায় লিভারপুল। সতীর্থের উদ্দেশে ক্রস বাড়ান আরাউহো, তবে দারুণ দৃঢ়তায় দলকে বিপদে পড়তে দেননি জর্ডান পিকফোর্ড।

বাকি সময়ে আর উল্লেখযোগ্য কিছু করতে পারেনি দুই নগর প্রতিদ্বন্দ্বী দল।