‘চক্র’ দিয়ে অভিনয়ে ফিরলেন মেঘলা মুক্তা
“একটা সময় নিজেই বলেছিলাম, ‘চক্র সিজন থ্রি’ থেকে আমাকে বাদ দিতে।”
সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর ভীতি ও চেহারায় আঘাতের কারণে অভিনয়ে ফেরা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তা।
ভিকি জাহেদ পরিচালিত ‘চক্র’ ওয়েব সিরিজের তৃতীয় সিজনের শুটিংয়ের মধ্য দিয়ে কাজে ফিরেছেন তিনি।
গত জুলাইয়ে দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী, সেসময় মুক্তাকে দেখা গিয়েছিল এই সিরিজেরই দ্বিতীয় সিজনে। আঘাত ও ভীতির কারণে তৃতীয় সিজনে কাজ করার বিষয়ে শুরুতে দ্বিধায় ছিলেন তিনি; এমনকি সিরিজটি থেকে বাদ দেওয়ার অনুরোধও করেছিলেন। তবে নির্মাতা ভিকি জাহেদের আশ্বাস ও ভরসায় শুটিংয়ে অংশ নেন এই অভিনেত্রী।
পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেঘলা মুক্তা বলেন, “‘চক্র’ দিয়ে শুরু, ‘চক্র’ দিয়েই কামব্যাক। আর ‘চক্র’-এর মধ্য দিয়েই ২০২৬ শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ জানাতে চাই আমার পরিচালক ভিকি জাহেদ ভাইয়াকে। একটা সময় নিজেই বলেছিলাম, ‘চক্র সিজন থ্রি’ থেকে আমাকে বাদ দিতে। কিন্তু তিনি চাননি। এই ভালোবাসা, বিশ্বাস আর ভরসার জন্য আমি তার প্রতি সত্যিই কৃতজ্ঞ।”
দুর্ঘটনার পরের কঠিন সময়ের অভিজ্ঞতা তুলে ধরে মেঘলা বলেন, “কখনো ভাবিনি এত তাড়াতাড়ি কাজে ফিরতে পারব। যারা আমাকে হাসপাতালে দেখতে এসেছিলেন, তাদের অনেকেই আমার অবস্থা দেখে শঙ্কা প্রকাশ করেছেন, কেউ কেউ সাহস দিয়েছেন।
“কেউ ভেবেছেন আমার ক্যারিয়ার এখানেই শেষ, আর কখনোই আগের মত অভিনয় করতে পারব না। এমনকি আমার পরিবারের সদস্যরাও শঙ্কায় ছিল, আমি আবার আগের সেই মেঘলা হয়ে উঠতে পারব কি না।”
নিজেকে ঘুরে দাঁড়ানোর প্রেরণা দেওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, “দুর্ঘটনার পর একটা সময় আমিও বুঝতে পারছিলাম না কীভাবে কী করব, কীভাবে সামনে এগোব। কিন্তু ধীরে ধীরে যখন নিজের শক্তি, সামর্থ্য আর আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করলাম, তখন নিজেকেই বলেছি, না, আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। আমাকে কামব্যাক করতে হবে।”
বাংলাদেশের পাশাপাশি ভারতের তেলেগু চলচ্চিত্রেও অভিনয় করেছেন মেঘলা মুক্তা। তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’ দিয়ে আলোচনায় আসেন তিনি।
তার অভিনীত বাংলাদেশি সিনেমার মধ্যে রয়েছে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ও ‘আগুনের পাখি’।
