অভিনেত্রী মেঘলা মুক্তার বাবা নিখোঁজ
উত্তরখানে নির্মাণাধীন একটি ভবনের কাজ তদারকি শেষে বাসার উদ্দেশে রওনা হন দুলাল। এরপর থেকেই তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না।
রাজধানীর উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় বাসায় ফেরার পথে নিখোঁজ হয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তার বাবা।
তার সন্ধান না পেয়ে ফেইসবুকে দেওয়া এক পোস্টে সবার সহযোগিতা চেয়েছেন এই অভিনেত্রী।
তিনি জানিয়েছেন, সোমবার রাত পৌনে ৯টার পর থেকে তার বাবা মিজানুর রহমান দুলালের মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
উত্তরখানে নির্মাণাধীন একটি ভবনের কাজ তদারকি শেষে বাসার উদ্দেশে রওনা হন দুলাল। এরপর থেকেই তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না।
বাবার সন্ধান পেতে ফেইসবুক পেইজে এক পোস্টে মেঘলা মুক্তা লিখেছেন, "আমার বাবা অসুস্থ, আমরা প্রতিটি মুহূর্ত অত্যন্ত দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছি। আপনাদের একটি তথ্য কিংবা সামান্য সহযোগিতাও হয়তো আমার বাবাকে খুঁজে পেতে অনেক বড় ভূমিকা রাখতে পারে।"
অভিনেত্রী বলছেন, ঘটনার পর রাতভর পরিবার ও স্বজনরা উত্তরার আশপাশের এলাকা এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে সন্ধান চালালেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
মঙ্গলবার সকালে গ্লিটজকে তিনি বলেন, "আমার বাবা শারীরিকভাবে ভীষণ অসুস্থ। সারা রাত ধরে সম্ভাব্য সব জায়গায় খুঁজেও বাবাকে পাইনি। এমন পরিস্থিতিতে আমরা দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় সময় কাটাচ্ছি। এ মুহূর্তে আমার সবার সহযোগিতা প্রয়োজন।"
মুক্তা জানিয়েছেন, এ ঘটনায় উত্তরখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় পুলিশ ও স্বজনদের উদ্যোগে তার বাবার ছবি প্রচার করা হচ্ছে।
বাংলাদেশের পাশাপাশি ভারতের তেলেগু চলচ্চিত্রেও অভিনয় করেছেন মেঘলা মুক্তা। তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’ দিয়ে আলোচনায় আসেন তিনি।
তার অভিনীত বাংলাদেশি সিনেমার মধ্যে রয়েছে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ও ‘আগুনের পাখি’।
