ভারত থেকে কুড়িগ্রামে এসে সংসার পাতা গৃহবধূ ৩ মাস ধরে নিখোঁজ
ভারতের দিল্লিতে দীর্ঘদিন বসবাসের পর গত কোরবানির ঈদের ১০ দিন আগে পরিবার নিয়ে স্থায়ীভাবে বাংলাদেশে ফেরেন নজরুল ও নাসিমা।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন এক গৃহবধূ: যিনি ভারত থেকে বাংলাদেশে এসে সংসার পাতেন।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হলেও এখনো নিখোঁজ নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন নাগেশ্বরী থানার ওসি মো. এনামুল হক প্রধান।
নিখোঁজ নাসিমা বেগম (৪৫) উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা গ্রামে নজরুল ইসলাম নজু স্ত্রী।
পুলিশ ও স্বজনরা জানান, ভারতের দিল্লিতে দীর্ঘদিন বসবাসের পর গত কোরবানির ঈদের ১০ দিন আগে পরিবারের সদস্যদের নিয়ে স্থায়ীভাবে বাংলাদেশে ফিরে আসেন নজরুল ও তার স্ত্রী নাসিমা।
দেশে ফেরার কিছুদিন পর ১৮ অগাস্ট নিখোঁজ হন নাসিমা। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবার।
পরে ২০ সেপ্টেম্বর নাসিমার ছেলে নাসিম মিয়া ১০ জনের নামে নাগেশ্বরী থানায় অপহরণ মামলা করেন।
নাসিমার স্বামী নজরুল ইসলাম বলেন, ভারতের দিল্লিতে ভাঙারির ব্যবসার করতেন তিনি। ১৯৯৭ সালে দিল্লিতেই নাসিমাকে বিয়ে করেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নাসিমার বাবার বাড়ি দিল্লিতে হলেও তিনি বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে এ দেশে বসবাস করছিলেন।
তিনি বলেন, কোরবানির ঈদের ১০ দিন আগে দিল্লিতে নিজেদের সম্পদ বিক্রি করে পরিবারের সদস্যদের নিয়ে স্থায়ীভাবে বাংলাদেশে ফিরে আসেন। এরপর থেকে তারা এখানেই বসবাস শুরু করেন।
“যে মানুষটি কিছুদিন আগেও পরিবারের সঙ্গে ছিলেন, তিনি এভাবে হঠাৎ নিখোঁজ হয়ে যাবেন, তা কখনো ভাবিনি। ছোট সন্তান মায়ের জন্য কান্নাকাটি করে। আমি শুধু আমার স্ত্রীকে ফিরে পেতে চাই,” বলেন নজরুল ইসলাম।
স্বজনরা জানান, ১৮ অগাস্ট চিকিৎসক দেখানোর জন্য অটোরিকশায় করে নাগেশ্বরী যাচ্ছিলেন নাসিমা। একই অটোরিকশায় তার মেয়ে, ছেলের বউ ও নাতি ছিলেন। পথে আজমাতা ব্রিজপাড় এলাকায় বাথরুমে যাওয়ার প্রয়োজন হলে তিনি অন্যদের চলে যেতে বলেন।
এরপর রাস্তার পাশে তার ননদ মায়ামনির বাড়িতে যান। সেখানে খাওয়া-দাওয়া শেষে তাকে আবার অটোরিকশায় তুলে দেওয়া হয়।
পরিবারের দাবি, সর্বশেষ আন্ধারীরঝাড় বাজারমোড়ের একটি সিসিটিভি ভিডিওতে নাসিমাকে অটোরিকশা থেকে নামতে দেখা যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নাসিমা নিখোঁজ হওয়ার আট থেকে ১০ দিন পর নাগেশ্বরীর রায়গঞ্জ বাজার এলাকার মিজানুর নামে একজন পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
সেই সময় মিজানুর বলেছিলেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে একজন নাসিমাকে হস্তান্তর করতে রাজি আছেন। তবে পরে তিনি বলেন, অন্য একজন নারীকে পাওয়া গেছে; যিনি নাসিমা নন।
নাসিম মিয়া বলেন, মায়ের নিখোঁজ হওয়ার সময় তিনি দিল্লিতে ছিলেন। খবর পেয়ে সেখানে মামা, খালাসহ পরিচিতজনদের বাড়িতে মায়ের খোঁজ করেন তিনি। কোনো সন্ধান না পেয়ে ৩০ অগাস্ট দেশে ফিরে আসেন। পরে ২০ সেপ্টেম্বর থানায় মামলা করেন।
তার অভিযোগ, মায়ের বাবার বাড়ি দিল্লিতে হওয়ায় পুলিশ ঘটনাটিকে গুরুত্ব দিচ্ছে না।
রামখানা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মাহাবুবার রহমান সরকার বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও দফাদারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা নাসিমাকে খুঁজছেন। একজন মানুষ এভাবে নিখোঁজ হওয়ার পরও তার সন্ধান না পাওয়া উদ্বেগজনক।
ওসি এনামুল হক প্রধান বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এটি অপহরণ নাকি নিখোঁজের ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মামলাটি তদন্তাধীন রয়েছে। নিখোঁজ নারীকে উদ্ধারে চেষ্টা চলছে।
