‘তাহসিফকে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়েছে’, দাবি বাবার
“আত্মহত্যার তো প্রশ্নই আসে না, সে অত্যন্ত ‘প্লেজেন্ট পার্সোনালিটির’ একজন মানুষ,” বলেন তাহসিফের বাবা।
বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তার বাবা একেএম এনায়েতুল করিম।
বৃহস্পতিবার ময়নাতদন্তের পর ছেলের লাশ বুঝে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকের তিনি এ কথা বলেন।
সেখানে এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, “আত্মহত্যার তো প্রশ্নই আসে না, সে অত্যন্ত ‘প্লেজেন্ট পার্সোনালিটির’ একজন মানুষ। আর একজন কমিশনড অফিসার তো অনেক কষ্ট করে তাকে এটা অর্জন করতে হয়। সে বিভিন্ন কোর্স করে তারপরে...এরকম একজন অফিসার…এরকম কোনো ব্যাপার ছিল না।
“হত্যা করা হয়েছে, তাকে নিয়ে নদীতে ফেলে দিয়েছে বলে আমি সাসপেক্ট করি।”
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় থাকা বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
বুধবার বিকালে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি। তার বাসা উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে।
তাহসিফের বাবা বলেন, “আমি কিছু বুঝিয়ে বলতে পারব না। কেননা সে তো একটা ভালো ছেলে, মায়ের সঙ্গে শপিং-টপিং করে, আমার জন্যও শপিং করে করেছে। তো সে তার আম্মুকে স্বাভাবিকভাবেই বলে নামল যে- ‘আম্মু একটু বন্ধু আসছে, আমি কথা বলে আসছি’। ওখানে তো আত্মহত্যার প্রশ্ন আসছে না।”
ছেলের সঙ্গে নিজের 'বন্ধুত্বপূর্ণ সম্পর্ক' থাকার কথা তুলে ধরে বাবা এনায়েতুল বলেন, “আমি বাবা হিসেবে তার সঙ্গে খুব ফ্রেন্ডলি ছিলাম। আমার সঙ্গে অনেক কিছু সে শেয়ার করত। আমাকে প্রায় বলত যে, বাবা আমি তো কোথাও কোনো অ্যাফেয়ার্সে অ্যাড হতে পারি নাই, আমার জন্য মেয়ে তোমরা দেখছ?”
মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপ নামে একজন তাহসিফকে ফোন করে বাসা থেকে ডেকে নিয়েছিলেন। এর আগে দিনভর মায়ের সঙ্গে কেনাকাটা করেছেন। সিসিটিভি ভিডিওতে সন্ধ্যায় নিজের বাইক নিয়ে বাসা থেকে বের হতে দেখা গেছে। তবে বাইকটির হদিস পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।
সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের পর বিকাল ৪টার দিকে তাহসিফের লাশ তার বাসার নিচে নেওয়া হয়। এ সময় স্বজনদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয় মসজিদে জানাজা শেষে উত্তরা ১২ নম্বর সেক্টরের গোরস্তানে তাকে দাফনের কথা রয়েছে।
