১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মৃত পথকুকুরের ছানাকে বাঁচাবার আর্জি: প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

আজিমপুর কলোনিতে বিষ দিয়ে পথকুকুর হত্যার অভিযোগ; মরে যাওয়া মায়ের বুকের উষ্ণতায় দুধ খুঁজছে অবলা ছানা। পরিচ্ছন্নতার আড়ালে এই নিষ্ঠুরতা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে লিখেছেন বিদিশা এরশাদ।

মৃত পথকুকুরের ছানাকে বাঁচাবার আর্জি: প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

নিধন নয়, ভালোবাসাই হতে পারে ওদের প্রতি সবচেয়ে সুন্দর মানবিক আচরণ।

বিদিশা এরশাদ বিদিশা এরশাদ

Published : 12 Nov 2026, 12:13 PM

Updated : 12 Nov 2026, 12:14 PM

গত মাসেও আজিমপুরের কোয়ার্টারে আমার এক স্নেহের ছোট ভাইয়ের বাসায় দাওয়াতে গিয়েছিলাম। সেখানে প্রায়ই যাওয়া হয়। ছোট ভাই একজন ডাকসাইটে সরকারি কর্মকর্তা। তার স্ত্রী পরম মমতায় এই প্রাণীগুলোর জন্য খাবার তুলে দিতেন। ছোটবেলা থেকেই আমি প্রাণীপ্রেমী। আর ওখানে গেলেই একটা দৃশ্য আমার জন্য অপেক্ষা করত। গাড়ির হর্ন শুনলেই এক মা কুকুর কান নুইয়ে তার দল নিয়ে ছুটে আসত। এলাকার সবাই তাকে ডাকত ‘লেডি গাগা’ বলে। পেট ভরলে মনের আনন্দে সে আকাশের দিকে মুখ তুলে গা ছেড়ে গান ধরত—নিজের ভাষায়, নিজের সুরে। আমি দাঁড়িয়ে শুনতাম।

আজ ফেইসবুকে ঢুকে দেখি সেই লেডি গাগা আর নেই। স্থানীয়রা বলছে, তাকে বিষ খাইয়ে মারা হয়েছে। মৃত্যুর আগে তার মুখ দিয়ে ফেনা উঠতে দেখেছে অনেকে। বিষ প্রয়োগের বিষয়টি এখনো তদন্তসাপেক্ষ; কিন্তু যে মা কুকুরটি আমার গাড়ির শব্দে ছুটে আসত, সে আর কোনোদিন আসবে না—এটা আমার কাছে নিষ্ঠুর সত্যের মতো।

গত এক সপ্তাহ সে কিছু খেতে পায়নি। মধ্যরাতে লুকিয়ে কেউ দুটো শুকনো রুটি-বিস্কুট দিলে সেটুকুই ছিল তার বেঁচে থাকার সম্বল, বাচ্চাদের মুখের দিকে চেয়ে। লুকিয়ে খাওয়ানোরও কত ঝামেলা। দারোয়ান খবর পৌঁছে দেয়, সকালে সিসিটিভি ফুটেজ খুলে দেখা হয়, তারপর যিনি খাবার দিয়েছেন তার দরজায় গিয়ে চলে অপমান আর শাসানি। আর ওই ছানাটা! শুনেছি, মরে যাওয়া মায়ের বুকের চেনা উষ্ণতায় মুখ গুঁজে সে তখনও দুধ খুঁজছিল। মৃত্যু কী জিনিস সে জানে না; সে শুধু জানে, এই বুকেই খাবার থাকে।

আমি বলব না আপনার সন্তানকে ওই ছানার জায়গায় কল্পনা করুন। বরং প্রার্থনা করি, আপনার সন্তান যেন সারাজীবন দুধে-ভাতে থাকে।

কিছুদিন আগে প্রধানমন্ত্রী আকস্মিক পরিদর্শনে গিয়েছিলেন এই কলোনিতে। নোংরা পরিবেশ দেখে অসন্তুষ্ট হয়ে নির্দেশ দিয়ে যান অবস্থার পরিবর্তনের। গণপূর্তের লোকজন নেমে পড়ে পরিচ্ছন্নতা অভিযানে। সাবলেট উচ্ছেদ হয়, ঝুলে থাকা কেবল সরে যায়, পাঁচ বছরের জঞ্জাল দুই সপ্তাহে বিদায় নেয়। এই উদ্যোগ ভালো। কিন্তু সেই অভিযানের আড়ালে কিছু মানুষ পেয়ে গেছে এক নিষ্ঠুর সুযোগ। পরিচ্ছন্নতার দোহাই দিয়ে তারা ক্ষুধার্ত প্রাণীদের খাবার বন্ধ করেছে; যারা খাওয়াতে যায় তাদের জরিমানা আর বরাদ্দ বাতিলের হুমকি দিচ্ছে, নারীদের কুৎসিত ভাষায় অপমান করছে।

অভিযোগ আছে, আবাসনের এক প্রভাবশালী বাসিন্দা এই কাজে নেতৃত্ব দিচ্ছেন। তিনি একজন সরকারি কর্মচারী, রাষ্ট্রের বেতনে চলেন, রাষ্ট্রের দেওয়া ঘরে থাকেন। অথচ অভিযোগ উঠেছে, তার ছেলের প্যান্ট ধরে একটা কুকুর টেনেছিল বলে তিনি পাঁচটা কুকুরকে লাঠিপেটা করে আহত করেছেন। একটা বাচ্চার পা ভেঙে গেছে। কুকুরছানাদের বিষ দিয়ে মারার কথা শোনা যাচ্ছে। যেসব কুকুরের টিকা আর বন্ধ্যাত্বকরণ আগেই সম্পন্ন হয়েছে, তাদেরও নিধনের জন্য সিটি করপোরেশন আর গণপূর্তে আবেদন করা হয়েছে ওই কর্মকর্তার উদ্যোগে।

ক্ষুধার্ত কুকুর মানুষের ব্যাগ ধরে টানে—এটাই এখন অজুহাত। কিন্তু যে প্রাণীকে আপনি সাত দিন না খাইয়ে রেখেছেন, সে খাবারের আশায় আপনার কাছে আসবে না তো কার কাছে যাবে? এই আচরণের দায় কুকুরের নয়; যে মানুষ তাকে ক্ষুধার্ত রেখেছে, দায় তার।

শুধু আজিমপুর নয়, আমার বাসার সামনে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের পার্ক এলাকাতেও কয়েক দিন ধরে এসব অভুক্ত অবলা পশুকে বিষ খাইয়ে মারা হয়েছে। আমি নিজে হাতে এদের খাওয়াতাম। আমার বাসার নিচে এরা কয়েকজন ঘুরঘুর করত। কখনো কাউকে বিরক্ত করেছে বলে আমি শুনিনি। অথচ এদের হত্যার প্রতিবাদে এখানে মানববন্ধন হয়েছে, এটা আমি শুনেছি।

বাংলাদেশ এই পথে হেঁটে ঠকেছে। বহু দশক ধরে এখানে সরকারি খরচে পথকুকুর মারা হয়েছে, অথচ একসময় জলাতঙ্কে মৃত্যুর হারে আমরা ছিলাম বিশ্বের শীর্ষ সারিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবরণ অনুযায়ী, ২০১১ সাল থেকে মারার বদলে গণহারে টিকা দেওয়ার পথে যাওয়ার পর ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে জলাতঙ্কে মানুষের মৃত্যু প্রায় অর্ধেকে নেমে এসেছে। সংস্থাটির মতে, অন্তত ৭০ শতাংশ কুকুরকে টিকার আওতায় আনতে পারলেই রোগ নিয়ন্ত্রণ সম্ভব।

আজিমপুরের কুকুরগুলোর অনেকেই ইতিমধ্যে টিকা পেয়েছে, বন্ধ্যাত্বকরণও হয়েছে; আর তা সরকারের টাকায় নয়, হয়েছে কয়েকজন প্রাণীপ্রেমী মানুষের চাঁদায়। টিকা পাওয়া কুকুর মেরে ফেললে কলোনির মানুষই বেশি ঝুঁকিতে পড়বে, কারণ টিকাহীন বাইরের কুকুর সেই শূন্যস্থান দখল করবে। যারা নিধনের আবেদন করছেন, তারা অজান্তে নিজেদেরই বিপদ ডেকে আনছেন।

আমাদের প্রাণিকল্যাণ আইন আছে ২০১৯ সাল থেকে। সেখানে অকারণ নিষ্ঠুরতা, বিষ প্রয়োগ আর মালিকবিহীন প্রাণী নিধনের বিরুদ্ধে আলাদা ধারাই রয়েছে। কিন্তু আইনজীবীদের ভাষ্য হলো, এই আইনে সাধারণ নাগরিক সরাসরি মামলা করতে পারেন না, কেবল প্রাণিসম্পদ অধিদপ্তরের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাই পারেন। ফলে আইন আছে, অথচ মানুষের হাতে প্রয়োগের ক্ষমতা নেই। এই ফাঁকটাই নিষ্ঠুরদের সাহস জোগায়। একটি প্রাণী মরলে কারও গায়ে আঁচড়ও লাগে না, আর একটি প্রাণীকে খাওয়ালে জোটে হুমকি।

আমরা জানি, প্রধানমন্ত্রী নিজে একজন প্রাণীপ্রেমী মানুষ। প্রাণের প্রতি তার মমতার কথা দেশ জানে। আমি বিশ্বাস করি, পরিচ্ছন্নতার নির্দেশ দিয়ে যাওয়ার সময় তিনি কখনো চাননি তার সেই কথা ক্ষুধার্ত অবলা প্রাণীর মৃত্যুপরোয়ানা হয়ে দাঁড়াক। তার নির্দেশের আড়ালে এখানে কী ঘটছে, তিনি হয়তো জানেনই না। তাই এই লেখা তার কাছে পৌঁছানোর একটি ক্ষুদ্র চেষ্টা।

প্রধানমন্ত্রী, কলোনির ক্ষুধার্ত প্রাণীগুলোর পাশে দাঁড়ান। প্রাণী নির্যাতন আর বিষ প্রয়োগের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করান। যারা মমতা নিয়ে খাবার দিতে যান, তাঁদের হেনস্তা বন্ধ করান। কুকুর নিধনের আবেদন বাতিল করে টিকা আর বন্ধ্যাত্বকরণের বিজ্ঞানসম্মত পথেই এগোতে নির্দেশ দিন।

লেডি গাগা আর ফিরবে না। আমি আর কোনোদিন গাড়ির হর্ন বাজিয়ে তাকে ছুটে আসতে দেখব না। কিন্তু তার ছানাটা আজও বেঁচে আছে, আর তার মতো আরও অনেকে। আপনার একটি কথায় তারা বাঁচতে পারে। আপনার একটি কথায় এই কলোনির সন্ধ্যায় আবার কোনো একদিন কোনো একটা কুকুর হয়তো গান গাইবে।

বিদিশা এরশাদ: মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদ।

বিশেষ দ্রষ্টব্য: মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।