ভিকি জাহেদের ‘খলনায়ক’, প্রধান চরিত্রে নিশো-চঞ্চল-তমা
“খলনায়ক’ মানবচরিত্রের জটিলতা ও রহস্যময়তার গল্প।”
ছোট পর্দার পরিচিত নির্মাতা ভিকি জাহেদ এবার বড় পর্দায় আসছেন সাইকোলজিক্যাল থ্রিলার চলচ্চিত্র ‘খলনায়ক’ নিয়ে।
তার প্রথম এই সিনেমায় অভিনয় করছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও তমা মির্জা।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও হইচই স্টুডিওজ সিনেমাটির ঘোষণা দেয়।
প্রযোজক প্রতিষ্ঠান জানিয়েছে, সিনেমার মূল দুইটি পুরুষ চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। তাদের সঙ্গে নারী চরিত্রে থাকবেন তমা মির্জা।
এছাড়াও অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন পাটোয়ারী, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার, তুশার খান ও সেন্টু।
বিশেষ একটি চরিত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে।
সিনেমাটির চিত্রগ্রহণে থাকছেন শুভঙ্কর ভট এবং শিল্প নির্দেশনায় ভারতের শিবাজী পাল।
প্রথম সিনেমা নিয়ে ভিকি জাহেদ বলেন, “‘খলনায়ক’ মানবচরিত্রের জটিলতা ও রহস্যময়তার গল্প। চিত্রনাট্য থেকে শুরু করে নির্মাণশৈলী—প্রতিটি ক্ষেত্রে দর্শক নতুনত্ব পাবেন।”
আফরান নিশো বলেন, “ভিকির গল্প বলার ধরন আলাদা। চিত্রনাট্য শুনেই মনে হয়েছে এটি মনস্তাত্ত্বিক ক্যানভাসের কাজ।”
অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেন, “সিনেমার চরিত্রটি বেশ জটিল, যা অভিনেতা হিসেবে আকর্ষণ করেছে।”
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানিয়েছে, শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ ও কনটেন্ট প্রকাশ করা হবে।
