রাজীবের প্রথম সিনেমা ‘অপলক’, প্রধান চরিত্রে নিশো ও মেহজাবীন
“আমরা একটা সৎ, সরল আর মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক ফিল্ম বানাতে চাই; যেখানে মানুষ ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন।”
বিজ্ঞাপনচিত্র ও ছোট পর্দার পরিচিত মুখ আদনান আল রাজীব এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন।
তার প্রথম চলচ্চিত্রের নাম রাখা হয়েছে ‘অপলক’। এ সিনেমায় প্রধান দুটি চরিত্রে দেখা যাবে আফরান নিশো এবং মেহজাবীন চৌধুরীকে।
গত জুনে সিনেমা বানানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন রাজীব। তবে সে সময় সিনেমার নাম কিংবা অভিনয়শিল্পীর তালিকা প্রকাশ করেননি তিনি।
বুধবার রাতে ফেইসবুক এক পোস্টে নিশো ও মেহজাবীনের এ সিনেমায় যুক্ত হওয়ার খবর দেন এই নির্মাতা।
পোস্টে রাজীব লিখেছেন, "আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’। এর সঙ্গে জড়িয়ে আছে পুরো টিমের অনেকখানি স্বপ্ন আর ভালোবাসা। সেই ভালোবাসার পৃথিবীতে এবার যুক্ত হলেন আফরান নিশো এবং মেহজাবীন চৌধুরী।”
তিনি আরও লিখেছেন, “আমরা একটা সৎ, সরল আর মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক ফিল্ম বানাতে চাই; যেখানে মানুষ ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন। আশা করি, যে মায়া নিয়ে ছবিটা বানাতে যাচ্ছি, সেই মায়াটুকু আপনাদের কাছেও পৌঁছাবে।”
ক্যারিয়ারের শুরুর দিকে ‘কাছে আসার গল্প’ সিরিজের নাটক বানিয়ে প্রশংসা পাওয়ার পর থেকেই বড় পর্দার উপযোগী একটি নিখাঁদ প্রেমের গল্পের সন্ধানে ছিলেন রাজীব।
সিনেমার চিত্রনাট্য তৈরির অভিজ্ঞতা শেয়ার করে তিনি লিখেছেন, এক বছর ধরে এই গল্প নিয়ে কাজ করছেন তিনি। লেখালেখির বিভিন্ন ধাপ পেরিয়েছেন, বারবার লিখেছেন, পরিবর্তন করেছেন।
“কয়েক মাস আগে অবশেষে এমন একটা খসড়া তৈরি করতে পেরেছি, যেটা আমার নিজের কাছে সত্যি মনে হয়েছে। এবার সেটাকেই পর্দায় তুলে ধরার পালা।”
রাজীব জানিয়েছেন, নিশো ও মেহজাবীন ছাড়াও আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পী এ যাত্রায় যুক্ত হয়েছেন। তাদের সঙ্গে একে একে পরিচয় করিয়ে দেবেন তিনি।
সিনেমাটি আগামী বছরই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজীবের।
রাজীব দীর্ঘ সময় ধরে বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছেন। গেল বছর রাজীবের নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'আলী' ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বিচারকদের রায়ে স্পেশাল মেনশন সম্মাননা পেয়েছিল।
