২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

রান্নাঘরের যে ৬টি সাধারণ ভুলে ছড়াতে পারে জীবাণু, হতে পারেন অসুস্থ

খাবার তৈরি ও সংরক্ষণের ক্ষেত্রে নানান ভুলের কারণে পেটব্যথা ও ডায়রিয়ার মতো খাদ্যবাহিত রোগ হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 11:00 AM

Updated : 26 Nov 2026, 09:36 PM

ঘরে খাবার তৈরি করলেই যে সবসময় নিরাপদ থাকবে, এমন কোনও নিশ্চয়তা নেই।

হিমায়িত খাবার গলানো, কাঁচা মাংস কাটার পর সবজি প্রস্তুত করা বা রান্না করা ভাত সংরক্ষণ- রান্নাঘরের ছোট ছোট কিছু অসতর্কতা থেকেই খাবারে ক্ষতিকর জীবাণু ছড়িয়ে পড়তে পারে।

বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় খাবার তৈরি ও সংরক্ষণে বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি।

একসঙ্গে কয়েক দিনের খাবার রান্না করে রাখা, ফ্রিজে কাঁচা মাংস সংরক্ষণ বা দুপুরের খাবার রাতে খাওয়ার জন্য রেখে দেওয়ার অভ্যাস প্রায় সব পরিবারেই রয়েছে। এতে সময় ও পরিশ্রম বাঁচলেও সংরক্ষণের সামান্য ভুলে খাবারে জীবাণু জন্মে পেটব্যথা, বমি এবং ডায়রিয়ার মতো খাদ্যবাহিত অসুস্থতা দেখা দিতে পারে।

বারডেম হাসপাতালের পুষ্টি বিভাগের সাবেক প্রধান ও পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহার আলোর পরামর্শ অনুযায়ী, রান্নাঘরের যে ৬টি ভুল এড়িয়ে চলা আবশ্যক তা নিচে তুলে ধরা হল।

ঘরের তাপমাত্রায় হিমায়িত খাবার গলানো

ডিপ ফ্রিজে রাখা মাছ বা মাংস রান্নার আগে বের করে রান্নাঘরের টেবিলে বা সিঙ্কে রেখে দিলে বাইরের অংশ দ্রুত গলে ৪ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে যায়।

এই তাপমাত্রায় ক্ষতিকর জীবাণু দ্রুত বংশবিস্তার করে, অথচ খাবারের ভেতরের অংশ তখনও জমাট বেঁধেই থাকে।

সঠিক নিয়ম: হিমায়িত মাছ বা মাংস ঘরের তাপমাত্রায় বা গরম পানিতে রেখে গলানো নিরাপদ নয়। নিরাপদ উপায় হল রান্নার আগের দিন ফ্রিজের সাধারণ অংশে (নরমাল চেম্বারে) নামিয়ে রেখে ধীরে ধীরে গলানো।

জরুরি প্রয়োজনে বায়ুরোধী ব্যাগে ভরে ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখা যেতে পারে, তবে এক্ষেত্রে প্রতি ৩০ মিনিট পরপর পানি বদলে দিতে হবে।

কাঁচা মাংস ও সবজির জন্য একই কাটার বোর্ড ব্যবহার

একই কাটার বোর্ডে কাঁচা মাংস কাটার পর সেটি ভালোভাবে জীবাণুমুক্ত না করেই শসা, টমেটো বা ধনেপাতার মতো কাঁচা খাওয়ার সবজি কাটলে জীবাণু সরাসরি সবজিতে চলে যায়। চিকিৎসাবিজ্ঞানে একে ‘পারস্পরিক দূষণ’ বলা হয়।

যেহেতু সালাদের সবজি রান্না না করেই খাওয়া হয়, তাই তাপের মাধ্যমে জীবাণু ধ্বংস হওয়ার সুযোগ থাকে না।

সঠিক নিয়ম: কাঁচা মাছ-মাংস এবং ফল-সবজি কাটার জন্য আলাদা কাটার বোর্ড রাখা উত্তম। বোর্ড একটি হলে কাঁচা মাংস কাটার পর বোর্ড ও ছুরি শুধু পানি দিয়ে না ধুয়ে সাবান বা ডিশওয়াশার দিয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে।

কলের নিচে কাঁচা মুরগি ধোয়া

রান্নার আগে কলের ছেড়ে দেওয়া পানির নিচে মুরগির মাংস ধোয়ার সময় পানির সূক্ষ্ম ছিটা সিঙ্ক, পাশের দেয়াল, বাসনপত্র এবং আশপাশে রাখা খাবারে ছড়িয়ে পড়ে। এর ফলে মুরগির গায়ে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া পুরো রান্নাঘরে ছড়িয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

সঠিক নিয়ম: কলের পানির নিচে সরাসরি না ধুয়ে একটি বড় গামলা বা পাত্রে পানি নিয়ে সাবধানে মাংস ধুতে হবে, যাতে পানি চারপাশে ছিটে না যায়। ধোয়ার পর সিঙ্ক ও আশপাশের জায়গা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।

ফ্রিজে কাঁচা মাংস ওপরের তাকে রাখা

ফ্রিজের ওপরের তাকে কাঁচা মাছ বা মাংস রাখলে সেখান থেকে চুঁইয়ে পড়া রক্ত বা তরল নিচে থাকা রান্না করা খাবার, ফলমূল কিংবা সবজির ওপর পড়ে সেগুলোকে দূষিত করতে পারে। বিশেষ করে যেসব খাবার আর গরম বা রান্না করা হবে না, সেগুলোর মাধ্যমে জীবাণু সরাসরি শরীরে প্রবেশ করে।

সঠিক নিয়ম: কাঁচা মাছ-মাংস সবসময় মুখবন্ধ বায়ুরোধী পাত্রে ভরে ফ্রিজের সবচেয়ে নিচের তাকে রাখতে হবে এবং ওপরের তাকে রাখতে হবে রান্না করা খাবার ও ফলমূল। পাশাপাশি ফ্রিজে ঠান্ডা বাতাস চলাচলের জন্য খাবার গাদাগাদি করে রাখা যাবে না।

রান্না করা ভাত ঘরের তাপমাত্রায় রেখে দেওয়া

রান্নার পর ভাত দীর্ঘ সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ঢেকে রেখে দিলে তাতে এক ধরনের ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে বিষাক্ত উপাদান তৈরি করে, যা পরে ভাত গরম করলেও পুরোপুরি নষ্ট হয় না।

সঠিক নিয়ম: চুলা থেকে নামানোর পর ভাত দীর্ঘক্ষণ বাইরে ফেলে না রেখে ছড়ানো পাত্রে বা ফ্যানের বাতাসে দ্রুত ঠান্ডা করে ঢাকনাযুক্ত পাত্রে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে হবে।

কেবল রং দেখে মাংস সেদ্ধ হওয়া যাচাই করা

অনেকেই মাংসের বাইরের রং বাদামি বা ভেতরের অংশ সাদা দেখলেই ধরে নেন যে রান্না হয়ে গেছে। তবে বাইরে থেকে রান্না মনে হলেও ভেতরের গভীরে পর্যাপ্ত তাপ না পৌঁছালে জীবাণু বেঁচে থাকতে পারে।

তাই তাড়াহুড়ো না করে মাঝারি আঁচে পর্যাপ্ত সময় নিয়ে মাংস ভালোভাবে রান্না করতে হবে।

পুরনো খবর:

রান্নার তেল ব্যবহারের ভুলে স্বাস্থ্যের ক্ষতি
যেসব পণ্য ভুলেও রান্নাঘর পরিষ্কারে ব্যবহার করা উচিত না
গ্যাস সংকটে বিকল্প উপায়ে রান্না, তবে নিরাপত্তা ভুলবেন না