২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাদে ভিন্নতা আনতে ‘ইরানি মুরগি’

মাত্র কয়েকটি ঘরোয়া উপকরণ ও টমেটো সস দিয়ে সুস্বাদু এই মুরগির পদ রান্না করা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 01:04 PM

Updated : 23 Nov 2026, 11:45 PM

প্রতিদিনের একঘেয়ে মুরগির মাংসের তরকারির বদলে রান্নায় একটু ভিন্ন স্বাদ ও সুবাস আনতে তৈরি করা যেতে পারে দারুণ সুস্বাদু ‘ইরানি মুরগি’।

ঘরোয়া সাধারণ মসলা আর টমেটো সসের মেলবন্ধনে খুব অল্প সময়েই এই পদটি রান্না করা সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য সুস্বাদু এই পদের সহজ রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।

উপকরণ

মূল উপাদান: মুরগির মাংস ৫০০ গ্রাম (মাঝারি টুকরা করে কাটা) এবং ঘি বা সয়াবিন তেল ৩ থেকে ৪ টেবিল চামচ।

মসলা ও সস: পেঁয়াজ কুচি ১ কাপ, টমেটো সস আধা কাপ, আদা-রসুন বাটা দেড় টেবিল-চামচ, হলুদ ও জিরা গুঁড়া আধা চা-চামচ করে এবং ধনে, গোলমরিচ ও গরম মসলা গুঁড়া সামান্য পরিমাণে।

অন্যান্য: কাঁচামরিচ ও ধনেপাতা কুচি স্বাদমতো, লবণ পরিমাণমতো এবং সেদ্ধ করার জন্য আধা লিটার পানি।

পদ্ধতি

মাংস সেদ্ধ করা

প্রথমে একটি হাঁড়িতে আধা লিটার পানির সঙ্গে সামান্য হলুদ ও লবণ দিয়ে মুরগির মাংসের টুকরাগুলো ৪ মিনিট সেদ্ধ করে নিতে হবে।

সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে মাংসগুলো আলাদা তুলে রাখতে হবে এবং সেদ্ধ করা পানিটি ফেলে না দিয়ে ঝোলের জন্য সংরক্ষণ করতে হবে।

মাংস হালকা ভেজে নেওয়া

এবার কড়াইয়ে ঘি বা তেল গরম করে সেদ্ধ করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে হালকা লালচে করে ভেজে তুলে নিতে হবে।

মসলা কষানো

মাংস ভাজার ওই একই তেলে পেঁয়াজ কুচি ও আদা-রসুন বাটা দিয়ে নাড়তে হবে। পেঁয়াজে হালকা সোনালি রং ধরলে এর মধ্যে টমেটো সস, পরিমাণমতো লবণ, হলুদ ও জিরা গুঁড়া দিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিতে হবে।

দমে রেখে নামানো ও পরিবেশন

মসলা কষানো হয়ে তেল ওপরে উঠে এলে আগে থেকে তুলে রাখা মুরগি সেদ্ধ করার পানিটি ঝোলের জন্য দিয়ে দিতে হবে।

ঝোল ফুটে কিছুটা ঘন হয়ে এলে ভাজা মাংসগুলো দিয়ে গোলমরিচ, ধনে, গরম মসলা গুঁড়া, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি ছড়িয়ে ২ মিনিট মৃদু আঁচে দমে রেখে নামিয়ে নিতে হবে।

তৈরি হয়ে গেল সুস্বাদু ইরানি মুরগি। এটি গরম গরম রুটি, পরোটা বা নানের সঙ্গে পরিবেশন করা যেতে পারে।  

পুরনো খবর:

মুরগির ঝাল ফ্রাই: নিত্যদিনের খাবারে ভিন্ন স্বাদ
ভুঁড়িভোজে মুরগির মাংস দিয়ে ল্যাটকা খিচুড়ি
রেসিপি: মুরগ মাখানি সবজি ও ভাত