রেসিপি: মুরগ মাখানি সবজি ও ভাত
বাঙালি স্বাদের খাবারে, উদরপূর্তি আহারে!
পাতে সাদা ভাত। আর সঙ্গে মজার সবজি ও মুরগির পদ। মুখে তুলেই হারাতে হবে স্বর্গীয় অনুভূতিতে।
আর এই মুখরোচক বাঙালি খাবারের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।
সবজি তৈরির উপকারণ
- পাঁচ রকমের সবজি আধা কাপ পরিমাণে টুকরা করে কাটা। ফুলকপি, বাঁধাকপি (ভাপিয়ে নিলে ভালো), পেঁপে, গাজর ও সিম টুকরা করে কাটা। অন্য সবজিও দেওয়া যেতে পারে।
- পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ
- কাঁচা-মরিচ ৩-৪টি
- হলুদ গুঁড়া আধা চা-চামচ
- লবণ পরিমাণ মতো
- তেল ২ টেবিল-চামচ
- পানি পরিমাণ মতো
সবজি তৈরির পদ্ধতি
চুলায় ফ্রাইপ্যান বসিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন।
টুকরা করা সব সবজি দিয়ে কষিয়ে হলুদ ও লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করুন।
সামান্য পানি ও কাঁচা-মরিচ দিয়ে ঢেকে দিন। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন।
মুরগ মাখনির উপকরণ
- মুরগির মাংস ২৫০ গ্রাম
- টমেটো ১টি
- আদা কুচি ১ চা-চামচ
- রসুন কুচি ১ চা-চামচ
- কাঁচা মরিচ ২টি
- পেঁয়াজ বাটা ১ টেবিল-চামচ
- হলুদ গুঁড়া আধা চা-চামচ
- মরিচ গুঁড়া আধা চা-চামচ
- কাশ্মিরি লাল মরিচ গুঁড়া আধা চা-চামচ
- ধনে ও জিরা গুঁড়া ১ চা-চামচ
- বাদাম বাটা ১ চা-চামচ
- দুধ আধা কাপ
- চিনি সামান্য
- ২টি এলাচ, ১ টুকরা দারুচিনি
- ঘি ১ টেবিল-চামচ
- তেল ১ টেবিল-চামচ
মুরগ মাখনি তৈরির পদ্ধতি
প্রথমে ব্লেন্ডারে টমেটো, আদা, রসুন ও কাঁচামরিচ ব্লেন্ড করে নিন।
এবার একটি বাটিতে মুরগির মাংসের সঙ্গে ব্লেন্ড করা মিশ্রণটি মিশিয়ে নিন।
এবার তেল, ঘি ও দুধ বাদে সব উপকরণ দিয়ে মেরিনেইট করে রেখে দিন এক ঘণ্টা।
এখন চুলায় পাত্র বসিয়ে তেল গরম করে মেরিনেইট করা মাংস ঢেলে দিন।
কিছুক্ষণ কষিয়ে রান্না করে তারপর দুধ ও ঘি মিশিয়ে আরও পাঁচ মিনিট রান্না করুন।
মাখো মাখো হয়ে এলে নামিয়ে নিন।
এভাবে সবজি ও মুরগ মাখনি তৈরি করে পোলাও, বাটার রাইস, ভাত কিংবা পরোটার সঙ্গে মজা করে খাওয়া যায়।
আরও রেসিপি
