২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপীয় রাষ্ট্রদূতদের সঙ্গে এনসিপির বৈঠক

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও বাংলাদেশে ইইউ প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলারের বাসভবনে এই বৈঠক হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2025, 11:05 AM

Updated : 26 Aug 2026, 12:31 PM

ইউরোপীয় ইউনিয়নসহ ঢাকায় নিযুক্ত ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির শীর্ষ নেতারা। 

মঙ্গলবার রাতে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের ফেইসবুক পেইজে বৈঠকের একটি ছবি পোস্ট করা হয়। রাতে এনসিপির পক্ষ থেকেও বৈঠকের বিষয়ে জানান হয়। 

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও বাংলাদেশে ইইউ প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলারের বাসভবনে এই বৈঠক হয়েছে।

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার, এনসিপির প্রতিষ্ঠার প্রেক্ষপটসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানান হয়েছে। 

ইইউর পেইজে বলা হয়, নবগঠিত এনসিপি নেতাদের সঙ্গে দলের রাজনৈতিক দর্শন ও অগ্রাধিকার নিয়ে মতবিনিময় হয়েছে। গণতন্ত্রের দিকে বাংলাদেশের অগ্রযাত্রার বিষয়েও আলোচনা হয়েছে। 

এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর একটি প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। 

এনসিপির প্রতিনিধি দলে ছিলেন পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং যে প্রেক্ষাপটে এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে, সে সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। 

এছাড়া বৈঠকে এনসিপির প্রস্তাবিত সংস্কারসমূহ ও বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারের কথা তুলে ধরা হয়, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনসহ সাবেক শাসনামলের অন্যান্য গুরুতর অপরাধগুলোর বিচার নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। 

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।