১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

জামালপুরে ৫০০ টাকা বাজিতে ‘জীবন্ত শালিক’ খেয়ে আটক ইজিবাইক চালক

“বন্যপ্রাণী হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রচলিত আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Oct 2026, 02:57 PM

Updated : 14 Oct 2026, 04:12 PM

জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকা বাজি ধরে জীবন্ত শালিক পাখি ছিঁড়ে কাঁচা মাংস খাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে কোয়ালিকান্দি মধ্যপাড়ায় নিজের বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে মাদারগঞ্জ থানার ওসি স্নেহাশীষ রায় জানিয়েছেন।

আটক ৫০ বছর বয়সী সাদুল্লাহ ওই এলাকার হাফিজলের ছেলে। তিনি পেশায় ইজিবাইকচালক।

স্থানীয়দের বরাতে ওসি স্নেহাশীষ রায় বলেন, “মঙ্গলবার বিকালে কোয়ালিকান্দি বাজারে ৫০০ টাকা বাজি ধরে একটি জীবন্ত শালিক পাখি ছিঁড়ে কাঁচা মাংস খান সাদুল্লাহ। পরদিন বুধবার সকালে এ ঘটনার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে তাকে আটক করা হয়।”

স্থানীয় মকবুল হোসেন বলেন, “ফেইসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জীবন্ত পাখি খাওয়ার দৃশ্য দেখা যায়। ভিডিওতে ছাদুল্লাহ নামে এক ব্যক্তিকে পাখিটি হাতে নিয়ে এর পা ও ডানা মুচড়ে ভেঙে ফেলতে দেখা যায়। এ সময়ও পাখিটি নড়াচড়া করছিল। পরে তিনি পাখিটি ছিঁড়ে ছিড়ে খেয়ে ফেলেন।”

জীবন্ত পাখির প্রতি এমন নিষ্ঠুর আচরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ধরনের অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

জেলার পরিবেশ ও বন্য প্রাণি সংরক্ষণকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিহঙ্গের’ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রবিন বলছেন, “যেখানে অল্প টাকায় পশুর মাংস পাওয়া যায় সেখানে নিরীহ বন্য প্রাণী কেন খেতে হবে তাও আবার জীবন্ত! এসব মানুষের মধ্যে রুচি বোধের অভাব তৈরি হয়েছে। এদের মধ্যে নীতি, নৌতিকতা, মানবিকতা বলতে কিছু নেই।”

তিনি বলেন, “বন্যপ্রাণী ধরা ও হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রচার চালানো প্রয়োজন। পাশাপাশি বন্যপ্রাণী হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রচলিত আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে।”

ওসি স্নেহাশীষ রায় বলেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।