২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি হামলায় মন্ত্রীসহ নিহত ১০, জবাব দেওয়ার ভাবনা হামাসের

যুদ্ধবিরতির মধ্যে টানা তৃতীয় রাতের মতো গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

গাজায় ইসরায়েলি হামলায় মন্ত্রীসহ নিহত ১০, জবাব দেওয়ার ভাবনা হামাসের

ইসরায়েলি বিমান হামলায় নিহত হামাসের রাজনৈতিক দপ্তরের সদস্য খালেদ আবু নাদি ও তার স্ত্রীর জানাজায় অংশ নিচ্ছেন ফিলিস্তিনিরা   ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 10:57 AM

Updated : 27 Nov 2026, 10:57 AM

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা ও শিক্ষা উপমন্ত্রী খালেদ আবু নাদাসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।

ইসরায়েলের ধারাবাহিক হামলার জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে ফিলিস্তিনের অন্য গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার কথা জানিয়েছে হামাস।

বৃহস্পতিবার হামাসপ্রধান খলিল আল-হাইয়া বলেন, ইসরায়েলের অব্যাহত হামলা সহ্য করার অবস্থায় নেই তার সংগঠন।

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, এক বছরের যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই টানা তৃতীয় রাতের মতো গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল।

মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন খালেদ আবু নাদা। তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং সংগঠনটির নিয়োগ দেওয়া শিক্ষা উপমন্ত্রী ছিলেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে চালানো ধারাবাহিক অভিযানের অংশ ছিল এ হামলা।

গত এক মাসে ইসরায়েল প্রায় ৮০ জন হামাস যোদ্ধাকে হত্যা করেছে বলেও দাবি করেন তিনি।

নেতানিয়াহু বলেন, “কোনো সন্ত্রাসীই ধরাছোঁয়ার বাইরে নয়। হামাসের নেতৃত্বের কেউই আমাদের নাগালের বাইরে থাকতে পারবে না।”

ইসরায়েলি হামলায় মঙ্গলবারের পর থেকে তৃতীয় জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা হিসেবে আবু নাদা নিহত হলেন। এর আগে সংগঠনটির নিরাপত্তা বিভাগের দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল।

হামাসপ্রধান খলিল আল-হাইয়া বলেন, “যুদ্ধবিরতি চুক্তির অধীনে হত্যা ও অবরোধের এই সমীকরণ মেনে নেওয়া যায় না।”

কীভাবে জবাব দেওয়া হবে, ভাবছে হামাস

গত জুলাইয়ে হামাসের শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পান খলিল আল-হাইয়া। এর আগে ২০২৫ সালে কাতারে ইসরায়েলি বিমান হামলায় তিনি নিজেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান। ওই হামলায় তার ছেলে ও সহযোগীরা নিহত হন।

আল-হাইয়া বলেন, ইসরায়েলি লঙ্ঘন ও প্রতিদিন হত্যার নীতির জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে ফিলিস্তিনের অন্যান্য গোষ্ঠীর সঙ্গে আলোচনা করবে হামাস। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, আবু নাদা হামাসের অর্থনৈতিক ও ব্যাংকিং নেটওয়ার্ক পরিচালনা করতেন এবং সশস্ত্র কার্যক্রমে তহবিল জোগাতেন। তার মৃত্যুতে হামাসের আর্থিক ও সামরিক সক্ষমতা দুর্বল হতে পারে।

এদিকে হামাস আবু নাদার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছে, শিক্ষাবিদ ও বেসামরিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা ইসরায়েলের ‘জঘন্য অপরাধ’।

হামলা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-কে দায়ী করে আল-হাইয়া বলেন, “দখলদারদের অপরাধের বিষয়ে বোর্ড অব পিস ও চুক্তির জামিনদারদের নীরব থাকার নীতি অগ্রহণযোগ্য।”

চিকিৎসাকর্মীরা জানান, বুধবার রাত ও বৃহস্পতিবার গাজা সিটির তুফাহ এলাকা, আল-শাতি শরণার্থীশিবির এবং শেখ রাদওয়ান এলাকায় চালানো আরও তিনটি বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন।

এছাড়া পূর্ব বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি গুলিতে ৬২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।

হামাসকে লক্ষ্য করে হামলার কথা বললেও ইসরায়েলি অভিযানে বহু বেসামরিক নাগরিক নিহত হচ্ছেন।

ফিলিস্তিন ও ইসরায়েলের নিজ নিজ হিসাব অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি ও ৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।