১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার নিহত

বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে এ হামলায় আরও দুজন আহত হন।

গাজায় ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার নিহত

গাজায় গত বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত এক ভবন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 09:41 AM

Updated : 15 Nov 2026, 09:41 AM

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনিস নিহত হয়েছেন।

আল জাজিরা লিখেছে, দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় এ হামলা ঘটে।

ইসরায়েলের সামরিক বাহিনী ও নিরাপত্তা সংস্থা শিন বেত এক যৌথ বিবৃতিতে খান ইউনিসে শনিবার ড্রোন হামলায় হামাসের এক জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে লক্ষ্যবস্তু করার কথা এর আগে জানিয়েছিল।

বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে এ হামলায় আরও দুজন আহত হন।

চিকিৎসাকর্মীরা শনিবার জানান, হতাহতদের খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

আল জাজিরার যাচাই করা ভিডিওতে হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স এবং রক্তের দাগযুক্ত স্ট্রেচার দেখা গেছে। ফিলিস্তিনি সাংবাদিকরা হাসপাতালের আশপাশ থেকে ভিডিওটি ধারণ করেন।

ভূমধ্যসাগরের উপকূলবর্তী এলাকা আল-মাওয়াসিতে তাঁবুতে বসবাস করছেন বাস্তুচ্যুত বহু ফিলিস্তিনি।

ইসরায়েল এর আগে এলাকাটিকে মানবিক নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করলেও সেখানে বারবার হামলা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ হতাহতের হিসাব

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার সর্বশেষ হালনাগাদ তথ্যে জানিয়েছে, আগের ৪৮ ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত এবং আরও ৬৮ জন আহত হয়েছেন।

আল জাজিরা লিখেছে, ২০২৫ সালের ১১ অক্টোবর গাজায় ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর থেকে ইসরায়েল অন্তত ১ হাজার ৬৪৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে, আহত হয়েছেন ৫ হাজার ৯৬৪ জন। ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৭৪ হাজার ৬৯৫ জন নিহত এবং ১ লাখ ৭৬ হাজার ৯৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এরই মধ্যে গাজায় প্রচণ্ড শীত শুরু হয়েছে। শীতের কারণে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু ঘটেছে।

সর্বশেষ ৯ মাস বয়সি একটি শিশুর হাইপোথার্মিয়ায় (শরীর ঠান্ডা হয়ে তাপমাত্রা কমে যাওয়া) মৃত্যু হয়েছে। চলতি শীত মৌসুমে এটিই এ ধরনের প্রথম মৃত্যুর ঘটনা।

গত তিন বছরের বেশি সময় ধরে ইসরায়েলি হামলা ও ধ্বংসযজ্ঞের কারণে গাজায় বেশির ভাগ বাসিন্দাই বাস্তুচ্যুত।

সাম্প্রতিক ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যেই তারা তাঁবু এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলোতে বসবাস করছেন।

এক বছর আগে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজাজুড়ে ইসরায়েলি হামলা বেড়েছে।