২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় হামলায় বেঁচে গেলেন হামাস নেতার ছেলে, নিহত ৪

হামাস নেতার পাঁচ ছেলের মধ্যে চারজন ইসরায়েলি হামলায় আগেই নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 12:58 PM

Updated : 28 Nov 2026, 12:59 PM

গাজায় হামাস নেতা খলিল আল-হাইয়ার পরিবারের সদস্যদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলা থেকে বেঁচে গেছেন আল-হাইয়ার এক ছেলে। তবে শুক্রবার গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামাসের কর্মকর্তা বাসেম নাইম জানিয়েছেন, ২৯ বছর বয়সী ইজ্জেলদিন আল-হাইয়া ও তার পরিবারের সদস্যরা ভোরে চালানো হামলায় অক্ষত রয়েছেন।

হামাসের সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, হামলায় খলিল আল-হাইয়ার পুত্রবধূসহ কয়েকজন আত্মীয় আহত হয়েছেন। তার প্রয়াত আরেক ছেলে আজ্জামের পরিবারের সদস্যরা বেঁচে গেছেন।

নাইমের ভাষ্য অনুযায়ী, ইজ্জেলদিনই খলিল আল-হাইয়ার বেঁচে থাকা একমাত্র ছেলে। তার চার ছেলে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ২০০৮ সালে হামজা, ২০১৪ সালে ওসামা, গত বছরের সেপ্টেম্বরে হুমাম এবং চলতি বছরের মে মাসে আজ্জাম নিহত হন।

ইজ্জেলদিনের জমজ ভাই হুমাম গত বছর কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় নিহত হন। সেই সময় আলোচনায় ব্যস্ত থাকায় অল্পের জন্য রক্ষা পান খলিল আল-হাইয়া। গত জুলাইয়ে তাকে হামাসের প্রধান হিসেবে ঘোষণা করা হয়।

হামাস শুক্রবারের হামলার নিন্দা জানিয়ে একে খলিল আল-হাইয়ার ছেলেকে ‘গুপ্তহত্যা’ এবং তার পরিবারকে লক্ষ্যবস্তু করার চেষ্টা বলে বর্ণনা করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের হুমকির সঙ্গে এ হামলার যোগসূত্র তুলে ধরে হামাস অভিযোগ করেছে, ২০২৫ সালের অক্টোবরের ‘যুদ্ধবিরতি’ চুক্তি নস্যাৎ করতেই এ হামলা চালানো হয়েছে।

গোষ্ঠীটির ভাষ্য, এ ‘কাপুরুষোচিত কর্মকাণ্ড’ ইসরায়েলি নেতাদের ‘মানবিক ও নৈতিক মূল্যবোধ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার’ বিষয়টি সামনে এনেছে।

গাজায় আরও প্রাণহানি

শুক্রবার গাজার অন্যান্য এলাকাতেও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, উত্তর গাজায় একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলায় খালেদ আসাফ নামে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংস্থাটি জানায়, জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে বির আল-নাজা এলাকায় গাড়িটিতে আঘাত হানে ড্রোনটি।

দক্ষিণের শহর রাফায় আল-বাহর স্ট্রিটের মুয়াবিয়া মসজিদের কাছে হামলার পর তিন ফিলিস্তিনির মরদেহ ও দুজন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ওয়াফা।

এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে এক শিশু আহত হয়েছে।

চিকিৎসা সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ওয়াফা জানায়, পূর্বাঞ্চলীয় ‘ইয়েলো লাইন’-এর কাছের অবস্থান থেকে বাস্তুচ্যুত মানুষের তাঁবু লক্ষ্য করে বারবার গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি অভিযানে এক জ্যেষ্ঠ শিক্ষা কর্মকর্তাসহ ১০ ফিলিস্তিনি নিহত হন বলে জানিয়েছে আল জাজিরা।

হাসপাতাল নিয়ে পাল্টাপাল্টি দাবি

গাজা সিটির আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালের একটি ভবন জিজ্ঞাসাবাদ কেন্দ্র হিসেবে ব্যবহারের ইসরায়েলি সেনাবাহিনীর দাবিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে হামাস।

বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত দাবি করে, হাসপাতাল প্রাঙ্গণে হামাস সামরিক কার্যক্রম চালাচ্ছে।

এ দাবি ‘গাজা উপত্যকার হাসপাতালগুলোর বিরুদ্ধে চলমান উসকানির অংশ’ বলে বর্ণনা করেছে হামাস।

গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, হাসপাতালগুলো গাজায় কর্মরত সব বেসামরিক ও জাতিসংঘ প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত জনসাধারণের স্থান। ইসরায়েল কখনোই তাদের দাবির পক্ষে প্রমাণ দিতে পারেনি।

হাসপাতালটি তত্ত্বাবধানকারী জেরুজালেমের এপিস্কোপাল ডায়োসিস জানিয়েছে, ওই প্রাঙ্গণে কোনো গোপন জিজ্ঞাসাবাদ কেন্দ্র থাকার বিষয়ে তাদের কিছু জানা নেই।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলের হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় অন্তত ১ হাজার ৭০৫ ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজার ১৬৩ জন আহত হয়েছেন।

আর ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭৪ হাজার ৭৭২ জনে।