ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২ শিশু, ডেঙ্গুতে দুজনের মৃত্যু
শিশুদের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া ও নেত্রকোনার কলমাকান্দায়। ডেঙ্গুতে মৃত নারীরা ময়মনসিংহের তারাকান্দা ও নান্দাইল উপজেলার বাসিন্দা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশু এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারী মারা গেছেন।
শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে দুই রোগে এ চারজনের মারা যাওয়ার কথা জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাঈনউদ্দিন খান।
হাসপাতাল সূত্র জানায়, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই শিশুর বয়স যথাক্রমে সাত ও ১০ মাস।
তাদের মধ্যে সাত মাস বয়সি শিশুটির বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। শুক্রবার বেলা ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।
চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, মেনিনগোএনসেফালাইটিস উইথ সাসপেক্টেড মিজলসের কারণে শিশুটির মৃত্যু হয়েছে।
অন্যদিকে, ১০ মাস বয়সি শিশুটির বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়। গত রোববার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।
চিকিৎসকদের তথ্যমতে, সিভিয়ার নিউমোনিয়া উইথ সাসপেক্টেড মিজলস শিশুটির মৃত্যুর কারণ ছিল।
এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩ জন। বর্তমানে ১৬৪ শিশু চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬ হাজার ৮১২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ৫৫৪ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৯৪ শিশুর।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনই নারী। তাদের একজন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৪০ বছর বয়সী ফাতেমা এবং অন্যজন নান্দাইল উপজেলার ৮৫ বছর বয়সী মালেকা। তাদের একজন আইসিইউতে এবং অন্যজন সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতাল সূত্র জানায়, ফাতেমা গত ২০ নভেম্বর রাতে হাসপাতালে ভর্তি হন। শনিবার সকাল ৬টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক তথ্যে ডেঙ্গুর জটিলতার পাশাপাশি অ্যাসপিরেশন নিউমোনাইটিস, শক ও হৃদ্যন্ত্রের জটিলতাকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, মালেকা বুধবার দুপুরে হাসপাতালে ভর্তি হন। পরে শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। ডেঙ্গুর জটিলতার সঙ্গে তীব্র কিডনি বিকল (একিউট কিডনি ইনজুরি) হওয়াকে তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে উল্লেখ করেছেন চিকিৎসকেরা।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৭২ জনের মধ্যে ৪৯ জন পুরুষ, ১৫ জন নারী ও ৮ জন শিশু। নারী রোগীদের মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৫ হাজার ৬৭১ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছে।
