আসিফ আকবরের গানে জেদ্দায় প্রবাসীদের মিলনমেলা
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও জেদ্দায় প্রবাসীদের গানের উৎসব
সৌদি আরবের জেদ্দায় গান গেয়ে প্রবাসী বাংলাদেশিদের মাতালেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও এ শিল্পীর গান উপভোগ করতে আসা প্রবাসীদের মধ্যে ছিল উৎসবের আমেজ।
দীর্ঘদিন পর এমন সাংস্কৃতিক আয়োজন ঘিরে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা।
শুক্রবার জেদ্দার রেড সি মল মাঠে বাংলাদেশি মালিকানাধীন বিনোদন প্রতিষ্ঠান ‘আয়াদ রয়েল ইভেন্ট’-এর উদ্যোগে ‘বাংলাদেশি তারার মেলা’ শিরোনামে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঞ্চে উঠে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন আসিফ আকবর। কোনো বাদ্যযন্ত্রের সহযোগিতা ছাড়াই ‘সবুজের বুকে লাল’, ‘একাকী গভীর রাতে’ ও ‘কিছু কিছু কথা ভোলা যায় না’সহ নিজের বেশ কয়েকটি গান পরিবেশন করেন তিনি। তার পরিবেশনায় দর্শক-শ্রোতারা মেতে ওঠেন উচ্ছ্বাসে।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা কণ্ঠশিল্পী নাজমা সুইটি, পারভেজ খান ও ইমরানসহ স্থানীয় শিল্পীরাও সংগীত পরিবেশন করেন। জেদ্দা ছাড়াও রাজধানী রিয়াদ ও তায়েফসহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা।
দীর্ঘদিন পর এমন আয়োজনকে স্বাগত জানান সৌদি-বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান এবং সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্যসচিব মীর মনিরুজ্জামান তপন, বিএনপি নেতা টিপু সুলতান, সালাউদ্দিন আহমেদ, মক্কা বিএনপির আহ্বায়ক জহির আহমেদ এবং প্রবাসী গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
