৭ জন নয়, সৌদিতে সড়কে নিহতদের ‘দুজন বাংলাদেশি’
মদিনা থেকে জেদ্দা ফেরার পথে শুক্রবার রাতে তারা দুর্ঘটনার শিকার হন।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শুরুতে সাত বাংলাদেশির মৃত্যুর তথ্য এলেও পরে দুজনের কথা বলেছে জেদ্দায় বাংলাদেশের কনসুলেট জেনারেল।
জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল শাখাওয়াত হোসেন শনিবার এ তথ্য দিয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে মদিনা থেকে জেদ্দা ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
শুরুতে নিহতদের মধ্যে সাত বাংলাদেশি থাকার তথ্য দিয়েছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের এক কর্মকর্তা। পরে দুই বাংলাদেশিসহ সাতজনের মৃত্যুর তথ্য আসে।
দুর্ঘটনার পর শুরুতে খুলাইছ ট্রাফিক কার্যালয়ে ফোন দেওয়া হয়। কিন্তু কেউ তা ধরেননি। পরে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে ফোন দেওয়া হয়।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ৭ জন নিহত ও দুজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজন বাংলাদেশি; বাকিরা অন্য দেশের নাগরিক।
ঘটনাস্থলে উপস্থিত আবির কোল্ডস্টোরের মক্কা প্রতিনিধি বলেন, সাতজন মারা গেছেন এবং ছয়জন আহত হয়েছেন।
