২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন জায়গায় চোখে ঘুম নামানোর কৌশল

ভ্রমণে বা নতুন জায়গায় গিয়ে প্রথম রাতে ঘুমাতে কষ্ট হওয়ার কারণ হল ‘ফার্স্ট-নাইট ইফেক্ট’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 01:00 PM

Updated : 26 Nov 2026, 10:02 PM

নিজের ঘরের পরিচিত বিছানায় প্রতিদিন গভীর ঘুম হলেও ভ্রমণে গিয়ে হোটেল বা আত্মীয়-বন্ধুর বাড়িতে রাত কাটাতে গেলে অনেকেরই চোখে ঘুম আসতে চায় না।

সারারাত বিছানায় এপাশ-ওপাশ করেই কেটে যায়। ঘুম বিশেষজ্ঞদের মতে, এর পেছনে মস্তিস্কের একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে, যাকে চিকিৎসাবিজ্ঞানে ‘ফার্স্ট-নাইট ইফেক্ট’ বলা হয়।

জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে নতুন পরিবেশে ঘুম না আসার কারণ এবং ভালো ঘুমের ৭টি কার্যকর কৌশল তুলে ধরা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ‘অ্যামেরিস্লিপ’-এর রিভিউ বোর্ড সদস্য ও প্রশিক্ষিত ঘুম প্রশিক্ষক ডা. জর্ডান বার্নস এবং ‘স্কিলড স্লিপার’-এর প্রতিষ্ঠাতা ও ঘুম বিশেষজ্ঞ ডা. ক্যাথরিন ডার্লি বিষয়গুলো বিশ্লেষণ করেছেন।

নতুন জায়গায় কেন ঘুম আসে না?

আন্তর্জাতিক সাময়িকী ‘কারেন্ট বায়োলজি’-তে প্রকাশিত, যুক্তরাষ্ট্রের ‘ব্রাউন ইউনিভার্সিটি’র করা এক গবেষণায় দেখা গেছে, নতুন কোনও জায়গায় প্রথম রাত কাটানোর সময় মস্তিস্কের একটি অংশ পুরোপুরি ঘুমায় না; বরং অপরিচিত শব্দ ও সম্ভাব্য বিপদ থেকে সুরক্ষার জন্য পাহারাদারের মতো সজাগ থাকে।

সচেতন মন জানে যে কোনও বিপদ নেই, তবুও মস্তিস্কের এই সতর্ক প্রহরার কারণেই আরামদায়ক বিছানাতেও সহজে ঘুম আসতে চায় না।

ঘর থেকে দূরে বা নতুন জায়গায় ভালো ঘুমের ৭ কৌশল

নতুন পরিবেশের সঙ্গে পরিচিত হওয়া

ডা. ক্যাথরিন ডার্লি পরামর্শ দেন, “কারও বাড়িতে বেড়াতে যাওয়ার আগেই ঘুমানোর সময় ও নীরবতা বজায় রাখার বিষয়ে স্বাগতিকের সঙ্গে কথা বলে নেওয়া ভালো।”

পাশাপাশি ড. জর্ডান বার্নসের পরামর্শ হল, “নতুন ঘরে পৌঁছে ঘুমাতে যাওয়ার আগেই বাথরুম কোথায় এবং লাইটের সুইচগুলো কোন দিকে, সেসব দেখে নিলে মস্তিস্কের অজানা উদ্বেগ ও সতর্কতা কমে আসে।

নিজের বালিশ সঙ্গে নেওয়া

ব্যাগ গোছানোর সময় কিছুটা জায়গা নিলেও সম্ভব হলে নিজের ব্যবহৃত বালিশটি সঙ্গে নেওয়া উচিত।

ডা. ডার্লির মতে, নিজের বালিশের উচ্চতা, নরম ভাব এবং পরিচিত স্পর্শ মস্তিস্ককে দ্রুত নিরাপদ ও ঘুমানোর উপযোগী পরিবেশের সংকেত দেয়।

আলো ও শব্দ আটকানোর ব্যবস্থা করা

অন্য কারও বাড়ি বা হোটেলে ওয়াইফাই রাউটারের আলো, ইলেকট্রনিক যন্ত্রের বাতি বা দরজার নিচ দিয়ে আসা আলো ঘুমের ব্যাঘাত ঘটায়।

ডা. ডার্লি বলেন, “গভীর ঘুমের জন্য অন্ধকার ঘর অত্যন্ত জরুরি; তাই দরজার নিচের ফাঁকা অংশে তোয়ালে গুটিয়ে রাখা, চোখে ‘আই মাস্ক’ পরা এবং যন্ত্রপাতির ছোট বাতিগুলো কালো টেপ দিয়ে ঢেকে দেওয়া কার্যকর।”

নিয়মিত রাতের রুটিন বজায় রাখা

ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে ঘরের আলো কমিয়ে বই পড়া, হালকা স্ট্রেচিং করা বা নিজের পরিচিত রাতের রুটিনের কিছু অংশ অনুসরণ করলে মস্তিস্ক বুঝতে পারে যে এখন ঘুমানোর সময় হয়েছে।

পরিচিত সুগন্ধি ব্যবহার করা

ডা. বার্নস জানান, ঘ্রাণ মানুষের স্মৃতি ও আবেগের সঙ্গে সরাসরি যুক্ত। তাই নিজের ব্যবহৃত বালিশের কভার, পরিচিত সুবাসযুক্ত পোশাক, বডি ওয়াশ বা হ্যান্ড লোশন সঙ্গে রাখলে অপরিচিত জায়গাতেও ঘরের মতো স্বস্তি পাওয়া যায়।

ঘরের তাপমাত্রা শীতল রাখা

অতিরিক্ত গরম ঘর ঘুমের বড় শত্রু।

ডা. ডার্লি ও ডা. বার্নসের পরামর্শ অনুযায়ী, ঘরের তাপমাত্রা সম্ভব হলে কিছুটা শীতল রাখতে হবে। এসি বা থার্মোস্ট্যাট নিয়ন্ত্রণের সুযোগ না থাকলে জানালা খোলা রাখা, ঘুমানোর আগে ঠান্ডা পানিতে গোসল করা, মোটা কম্বলের বদলে পাতলা চাদর ব্যবহার করা বা কম্বলের বাইরে একটি পা বের করে রাখার (‘কুল ফিট’ পদ্ধতি) কৌশল কাজে লাগানো যেতে পারে।

৭. ঘুমের জন্য জোর না করা

ঘুম আসছে না ভেবে বারবার ঘড়ির কাঁটা দেখলে উদ্বেগ আরও বেড়ে ঘুম পুরোপুরি উড়ে যায়।

ডা. বার্নসের বলেন, “দু-এক রাত কম ঘুম হলে বড় কোনও ক্ষতি হবে না, এই মানসিকতা নিয়ে নিশ্চিন্তে শুয়ে থাকলে শরীর নিজে থেকেই বিশ্রাম নিতে শুরু করে।”

পুরনো খবর:

ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময়
ঝাল খাবারও ঘুমের সমস্যা তৈরি করতে পারে
রাতে ঠিকমতো ঘুমিয়েছেন, তবু সারাদিন ঘুম ঘুম- কারণটা কী?